২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সভায় অনুপস্থিত: এসএসসির ১১ কেন্দ্র সচিবকে শোকজ

এ বছর এসএসসি পরীক্ষার আগে এক সভায় উপস্থিত না হওয়ায় ১১ জন কেন্দ্র সচিবকে কারণ দর্শানোর নোটিস দিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Feb 2020, 02:35 PM

Updated : 08 Apr 2022, 12:20 AM

বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এস এম আমিরুল ইসলাম স্বাক্ষরিত এক চিঠিতে বুধবার তাদের আগামী সাত কার্যদিবসের মধ্যে এর জবাব দিতে বলা হয়েছে।

চিঠিতে বলা হয়, “২০২০ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে গ্রহণের লক্ষ্যে গত ২০ জানুয়ারি ঢাকা শিক্ষা বোর্ডের সভাকক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সকল কেন্দ্র সচিবদের উপস্থিতি বাধ্যতামূলক হওয়া সত্ত্বেও কেন্দ্র সচিবগণ উপস্থিত ছিলেন না, যা পাবলিক পরীক্ষা পরিচালনা নীতিমালা পরিপন্থী ও শাস্তিযোগ্য অপরাধ।”

কেন্দ্র সচিবদের ‘দায়িত্বহীন কর্মকাণ্ডের জন্য’ কেন বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে না- তা আগামী সাত কর্মদিবসের মধ্যে ঢাকা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রককে জানাতে নির্দেশ দেওয়া হয়েছে।

ঢাকার সেনাপল্লী হাইস্কুল, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি স্কুল ও কলেজ, নারায়ণগঞ্জের সরকারি আইটি উচ্চ বিদ্যালয়, মোগরাপাড়া এইচ জি জি এস স্মৃতি বিদ্যায়তন এবং ভুলতা উচ্চ বিদ্যালয় কেন্দ্র সচিবকে শোকজ করা হয়েছে।

এছাড়া ব্রাহ্মণকালীর জনতা উচ্চ বিদ্যালয়, রূপগঞ্জের গণবাংলা উচ্চ বিদ্যালয়, ফরিদপুরের সারদা সুন্দরী বালিকা উচ্চ বিদ্যালয় ও ফরিদপুর উচ্চ বিদ্যালয়, ২ নম্বর রামদিয়া উচ্চ বিদ্যালয় এবং খাসেরহাট সৈয়দ আবুল হোসেন স্কুল অ্যান্ড কলেজের কেন্দ্রে সচিবও কারণ দর্শানোর নোটিস পেয়েছেন।