তেজগাঁওয়ে সড়ক আটকে শ্রমিক বিক্ষোভ
কর্মচারী ছাঁটাই ও কারখানা বন্ধ রাখার প্রতিবাদে রাজধানীর তেজগাঁওয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছেন একটি পোশাক কারখানার কর্মীরা।
পুলিশের তেজগাঁও শিল্পাঞ্চল জোনের সহকারী কমিশনার মইনুল ইসলাম জানান, কানিজ গার্মেন্টস লিমিটেডের শ্রমিকরা বুধবার সকাল সাড়ে ৯টার দিকে নাবিস্কো মোড়ের দুইপাশে অবস্থান নিলে গুরুত্বপূর্ণ এই সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
শ্রমিকদের অভিযোগ, কারখানা কর্তৃপক্ষ সম্প্রতি ৮০ জন কর্মীকে ছাঁটাই করেছে। এর প্রতিবাদ করায় গত তিন দিন ধরে শ্রমিকদের কারখানায় প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।
পুলিশ সকাল সাড়ে ১০টার দিকে শ্রমিকদের এক পাশে সরিয়ে দিলে অন্যপাশ দিয়ে থেমে থেমে যান চলাচল শুরু হয় বলে মইনুল ইসলাম জানান।
