২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঘরে পড়ে থাকা মোবাইল ল্যাপটপ কম্পিউটারের বিনিময়ে বই!

পরিত্যক্ত বিভিন্ন জিনিস দিয়ে স্টলের বৈচিত্র্যময় সাজ নিয়ে বইমেলায় হাজির হওয়া স্বেচ্ছাসেবী সংগঠন বিদ্যানন্দ ফাউন্ডেশন পাঠকদের জন্য নিয়ে এসেছে বিশেষ সুযোগ- ঘরে পড়ে থাকা মোবাইল, ল্যাপটপ, কম্পিউটার ও ওষুধের বিনিময়ে নতুন বই দিচ্ছে তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

দীপক রায়, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Feb 2020, 10:59 PM

Updated : 10 Oct 2022, 06:57 PM

অমর একুশে গ্রন্থমেলার বাংলা একাডেমি প্রাঙ্গণে ৭৭ নম্বর স্টলটি বিদ্যানন্দের। বৈচিত্র্যময় উপস্থাপনা ও আয়োজনে এবার বইমেলায় নজর কেড়েছে তাদের স্টল।

সরেজমিনে দেখা যায়, ডাস্টবিনে ফেলে দেওয়া পরিত্যক্ত বোতলের ছিপি, মেয়াদোত্তীর্ণ ট্যাবলেটের খোসা, নির্বাচনী পোস্টার কিংবা অব্যবহৃত ইলেকট্রনিকের নানা যন্ত্রাংশ দিয়ে স্টল সাজিয়েছে বিদ্যানন্দ। এর মধ্য দিয়ে মানুষ ও জলজ প্রাণিদের ওপর প্লাস্টিক বর্জ্যের ক্ষতিকর প্রভাব ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন তারা।

Image
মোবাইলের বিনিময়ে নেওয়া হচ্ছে বই

মোবাইলের বিনিময়ে নেওয়া হচ্ছে বই

স্টলের বিক্রয় প্রতিনিধি ও ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবী সুলতানা জান্নাত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এর মাধ্যমে আমরা মূলত যে বার্তাটি দিতে চেয়েছি সেটা হচ্ছে যে, আপনার জন্য যেটি বর্জ্য, অন্যের জন্য সেটি সম্পদ। আসুন আমরা সম্পদকে কাজে লাগাই।”
Image
প্রায় চার বছর ধরে বিদ্যানন্দ ফাউন্ডেশনে স্বেচ্ছাসেবীর কাজ করছেন সুলতানা জান্নাত

প্রায় চার বছর ধরে বিদ্যানন্দ ফাউন্ডেশনে স্বেচ্ছাসেবীর কাজ করছেন সুলতানা জান্নাত

তিনি বলেন, “পাঠকরা শুধু আমাদের স্টলে কিনবেন তা নয়, তারা তাদের পুরাতন মোবাইল, ল্যাপটপ, কম্পিউটার বা অব্যবহৃত ওষুধ এক্সচেঞ্জ করেও এখান থেকে বই নিতে পারবেন।”

অব্যবহৃত এসব পণ্যের দাম নির্ধারণ সম্পর্কে সুলতানা জান্নাত জানান, ল্যাপটপ বা কম্পিউটারের ক্ষেত্রে সচল হলে তিন হাজার টাকা এবং চালু না হলে দেড় হাজার টাকা, অ্যান্ড্রয়েড মোবাইলের ক্ষেত্রে সচল হলে এক হাজার টাকা, না হলে ২০০ টাকা এবং ওষুধের ক্ষেত্রে ক্রয়মূল্যের উপর ৫০ শতাংশ ছাড় দিয়ে দাম ধরা হয়। তবে ওষুধের ক্ষেত্রে অবশ্যই কমপক্ষে ছয় মাস মেয়াদ থাকতে হবে।

প্রায় চার বছর বিদ্যানন্দ ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবীর দায়িত্ব পালন করা সুলতানা জানান, কিশোর কুমার দাশ নামে একজন গড়ে তুলেছিলেন এই ফাউন্ডেশন। সুবিধাবঞ্চিত ছেলে-মেয়েদের শিক্ষায় উৎসাহ প্রদানের লক্ষ্যে বিভিন্ন শিক্ষামূলক কার্যক্রম যেমন বিনামূল্যে শিক্ষাদান, বইপত্র ও শিক্ষা উপকরণ বিতরণ, উন্মুক্ত পাঠাগার সেবা, শিশুদের এক টাকায় খাবার দেওয়াসহ বিভিন্ন সমাজসেবামূলক কার্যক্রম রয়েছে তাদের। ঢাকাসহ আটটি জেলায় এই ফাউন্ডেশনের শাখা রয়েছে।

সম্প্রতি সিটি করপোরেশন নির্বাচন শেষে শহরজুড়ে ছড়িয়ে-ছিটিয়ে থাকা পোস্টার ও ব্যানার দিয়ে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য খাতা ও ব্যাগ বানিয়ে প্রশংসা কুড়িয়েছেন তারা।

কেন শুধু পুরাতন ল্যাপটপ, মোবাইল বা ওষুধ সামগ্রী নেওয়া হচ্ছে জানতে চাইলে সুলতানা জান্নাত বলেন, “আমরা মূলত এমন পণ্যই নিই যেগুলো আমরা পুনর্ব্যবহার উপযোগী করতে পারব। এই পণ্যগুলো আমরা আমাদের ফাউন্ডেশনের অন্যান্য কার্যক্রমগুলোতে কাজে লাগাত পারব। দুর্যোগপ্রবণ এলাকাগুলোতে আমরা প্রায় সারা বছরই মেডিকেল ক্যাম্প করে থাকি। ওষুধগুলো সেই ‘এক টাকার চিকিৎসা প্রকল্পে’ কাজে লাগানো হবে।

“মোবাইল বা ল্যাপটপগুলো আমাদের বিভিন্ন অনাথালয় বা বিচ্ছিন্ন চরাঞ্চলের মানুষের ব্যবহারের জন্য দেওয়া হবে। আর বইমেলায় বইয়ের ক্ষেত্রে যেটা লাভ হবে, সেটাও চলে যাবে আমাদের ‘এক টাকার আহার’ প্রজেক্টে।”

বইমেলায় এই স্টলের সাজ-সজ্জাও সংগঠনের স্বেচ্ছাসেবীরাই করেছেন বলে জানান জান্নাত।

Image
বিনিময়ে বই দেওয়ার আগে ওষুধের মেয়াদ আছে কি না, তা দেখছেন বিদ্যানন্দ ফাউন্ডেশনের এক কর্মী। ছবি: মাহমুদ জামান অভি

বিনিময়ে বই দেওয়ার আগে ওষুধের মেয়াদ আছে কি না, তা দেখছেন বিদ্যানন্দ ফাউন্ডেশনের এক কর্মী। ছবি: মাহমুদ জামান অভি

মঙ্গলবার বিদ্যানন্দের স্টলের সামনে গিয়ে দেখা যায়, অনেকেই তাদের এই অফার কাজে লাগিয়ে বই সংগ্রহ করছেন। কেউ কেউ হাতে করে ওষুধের প্যাকেট, পুরাতন মোবাইল নিয়ে এসেছেন। রাখছেন বিদ্যানন্দের ঝুড়িতে, বিনিময়ে নিয়ে যাচ্ছেন বিদ্যানন্দ প্রকাশনী থেকে প্রকাশিত পছন্দের বই। আবার অনেকেই এই এক্সচেঞ্জ অফারের বিষয়ে জানতে চাচ্ছেন বিদ্যানন্দের বিক্রয় প্রতিনিধিদের কাছে।

ঢাকার মিরপুর থেকে সাদ আনোয়ার অব্যবহৃত দুটি পুরাতন মোবাইলসহ নিয়ে এসেছিলেন। এগুলোর বিনিময়ে বিদ্যানন্দ প্রকাশনী থেকে প্রকাশিত অনুবাদগ্রন্থ ‘দি ওল্ড ম্যান এন্ড দ্য সি ’ ও ‘ড্রাকুলা’।

Image
ছয় মাস মেয়াদ আছে এমন ওষুধ,পুরনো মোবাইল ও ল্যাপটপের বিনিময়ে বিদ্যানন্দ ফাউন্ডেশনের স্টলে দেওয়া হচ্ছে বই। ছবি: মাহমুদ জামান অভি

ছয় মাস মেয়াদ আছে এমন ওষুধ,পুরনো মোবাইল ও ল্যাপটপের বিনিময়ে বিদ্যানন্দ ফাউন্ডেশনের স্টলে দেওয়া হচ্ছে বই। ছবি: মাহমুদ জামান অভি

অনলাইনে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিদ্যানন্দের এই অফারের বিষয়ে জেনেছেন বলে জানালেন তিনি।

তাদের এই উদ্যোগের প্রশংসা করে সাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমার অব্যবহৃত দুটি মোবাইল দিয়ে বইগুলো পেলাম। খুব ভালো লাগল।

“আর পথশিশুদের জন্য বিদ্যানন্দের যে উদ্যোগ এটি খুবই প্রশংসার দাবিদার। আমরা নিজেরাও হয়ত ওইভাবে কিছু করতে পারি না। আমি মনে করি যে, এ রকম আরও কিছু উদ্যোগ হওয়া প্রয়োজন আমাদের দেশে।”