২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাবির ৩ শিক্ষকের নিয়োগ বাতিলের রায় স্থগিত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্রপ সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিভাগের তিন শিক্ষকের নিয়োগ বাতিল করে দুই সপ্তাহ আগে হাই কোর্ট যে রায় দিয়েছিল, তা চার সপ্তাহের জন্য স্থগিত করে দিয়েছে আপিল বিভাগের চেম্বার আদালত।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Feb 2020, 08:28 PM

Updated : 18 Aug 2022, 02:30 PM

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আবেদনে আপিল বিভাগের বিচারক হাসান ফয়েজ সিদ্দিকীর চেম্বার আদালত সোমবার এ আদেশ দেয়।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও এবিএম আলতাফ হোসেন। রিট আবেদনকারী পক্ষে ছিলেন আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া।

পরে অ্যাটর্নি জেনারেল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “চেম্বার আদালত হাই কোর্টের রায়টি চার সপ্তাহের জন্য স্থগিত করেছেন। এর মধ্যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে নিয়মিত লিভ টু আপিল করতে বলা হয়েছে।”

এ সংক্রান্ত এক রিট আবেদনের চূড়ান্ত শুনানি করে বিচারপতি মো. আশরাফুল কামাল ও বিচারপতি রাজিক আল জলিলের হাই কোর্ট বেঞ্চ গত ২৯ জানুয়ারি রায় দেয়।

ক্রপ সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিভাগের তিনটি শূন্য পদের বিপরীতে শিক্ষক নিয়োগের জন্য গত বছরের ৩০ জুলাই প্রকাশিত বিজ্ঞপ্তি ‘অবৈধ ও বাতিল’ ঘোষণা করা হয় এই রায়ে। সেই সঙ্গে তিন শিক্ষকের নিয়োগও বাতিল ঘোষণা করে আদালত।

সংশ্লিষ্ট বিভাগের প্ল্যানিং কমিটির সুপারিশ ছাড়াই বিজ্ঞপ্তি প্রকাশ করায় এর বৈধতা চ্যালেঞ্জ করে হাই কোর্টে এই রিট আবেদন করেন প্ল্যানিং কমিটির সদস্য অধ্যাপক আলী আসগর।

প্রাথমিক শুনানি করে ২১ অগাস্ট হাই কোর্ট রুল জারি করে।ওই নিয়োগ বিজ্ঞপ্তি কেন আইনগত কর্তৃত্ব বর্হিভূত ঘোষণা করা হবে না, তা জানতে চাওয়া হয় রুলে। সেই রুলের ওপর চূড়ান্ত শুনানি শেষে বুধবার রায় দেয় আদালত।

রিটকারী পক্ষের আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া রায়ের পর সাংবাদিকদের বলেছিলেন, প্ল্যানিং কমিটির সুপারিশ অনুযায়ী ২০১৬ সালেও একবার ক্রপ সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিভাগের তিনটি শূন্য পদের বিপরীতে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল। ওই নিয়োগ বিজ্ঞপ্তির বিপরীতে ৩৮ জন আবেদন করলেও পরে তা আর এগোয়নি।

গত বছর নতুন আরেকটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়, যেখানে প্ল্যানিং কমিটির সুপারিশ ছাড়াই প্রভাষক পদে আবেদনের জন্য যোগ্যতা শিথিল করে কর্তৃপক্ষ। এ কারণেই রিট আবেদনটি করা হয়।

রুল বিচারাধীন থাকা অবস্থায় চলতি বছরের ২৬ জানুয়ারি বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট ওই বিজ্ঞপ্তির আলোকে তিন শিক্ষকের নিয়োগ অনুমোদন করে, যা বাতিল ঘোষণা করেছে হাই কোর্ট।

রায় পাওয়ার ৩০ দিনের মধ্যে ২০১৬ সালের বিজ্ঞপ্তির আলোকে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতেও আদালত নির্দেশ দিয়েছেন বলে সেদিন জানান আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া।

গত ২৬ জানুয়ারি সিন্ডিকেট সভায় নিয়োগ পাওয়া শিক্ষক শামসুন্নাহার, মুখতার হোসেন ও রেজভী আহমেদ ভুঁইয়া ২৯ জানুয়ারি হাই কোর্টের রায়ের পরও বিভাগে সক্রিয় ছিলেন। এমনকি তারা পরীক্ষাতেও দায়িত্ব পালন করেছেন।

ক্রপ সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিভাগের সভাপতি অধ্যাপক সাইফুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সিন্ডিকেটে তাদের নিয়োগের সিদ্ধান্তের ভিত্তিতে তারা বিভাগে নিয়মিত ক্লাস নিয়ে আসছেন।”

গত ২৯ জানুয়ারি হাই কোর্টের রায়ে নিয়োগ বাতিল করার পরও তারা কীভাবে ক্লাস নিচ্ছেন, জানতে চাইলে এই শিক্ষক বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে কথা বলার পরামর্শ দেন।

পরে এ বিষয়ে জানতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহান ও রেজিস্ট্রার অধ্যাপক এম এ বারীকে ফোন করা হলেও তারা ধরেননি বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি জানান।

পুরনো খবর:

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষকের নিয়োগ বাতিল