বিশ্বকাপজয়ী যুব ক্রিকেটারদের সংবর্ধনা দেবে সরকার
অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপজয়ী বাংলাদেশ দলকে সংবর্ধনা দেবে সরকার।
সুবিধাজনক সময়ে সোহরাওয়ার্দী উদ্যানে এই গণসংবর্ধনার আয়োজন করা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
সোমবার সচিবালয়ে সমসাময়িক ইস্যু নিয়ে সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের এ কথা বলেন।
রোববার দক্ষিণ আফ্রিকায় আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে ভারতকে হারিয়ে প্রথমবারের মতো শিরোপা জেতে বাংলাদেশ।
বিশ্বকাপজয়ী তরুণদের অভিনন্দন জানিয়ে ওবায়দুল কাদের বলেন, “আজ মন্ত্রিসভায় সিদ্ধান্ত হয়েছে জয়কে সেলিব্রেইট করব। বিজয়ী বীর টাইগারদের সুবিধামত সময়ে সোহরাওয়ার্দী উদ্যানে গণসংবর্ধনা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এ বিজয় গোটা জাতির বিষয়। স্বাধীনতার পর এই প্রথম বিশ্ব চ্যাম্পিয়ন।
“বাংলাদেশে একদিন বিশ্বকাপ নিয়ে আসবে, আমাদের প্রত্যাশা বাড়িয়ে দিয়েছে তরুণ ক্রিকেটাদের এ দুর্দান্ত পারফরমেন্স। বিশেষ করে ক্যাপ্টেইন আকবর যে পারদর্শিতা দেখিয়ে বিজয়ের স্বর্ণদুয়ারে টেনে নিয়ে গেছে তা অবশ্যই স্বরণীয়।”
তৃণমূল খেলোয়াড়দের প্রশিক্ষণের উদ্যেগ নেওয়া হবে কিনা জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, “তৃণমূলে নিবিড় প্রশিক্ষণ প্রয়োজনীয় হয়ে পড়েছে। এই যে জয়ের যে নায়ক তার বাড়ি কুড়িগ্রামে, এখানে আবার পঞ্চগড়ের ক্রিকেটারও আছে। বিকেএসপিতে তৃণমূলের যে প্রশিক্ষণ হয় তা চমৎকারভাবে হয়। এখানে নতুন নতুন ক্রিকেটার সৃষ্টি হয়।”
