২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উন্নয়নের জন্য শান্তি শৃঙ্খলা বজায় রাখায় জোর প্রধানমন্ত্রীর

দেশের উন্নয়নের জন্য শান্তি-শৃঙ্খলা বজায় রাখার উপর গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Feb 2020, 12:27 AM

Updated : 18 Aug 2022, 02:30 PM

রোববার ফ্রান্সের বিমানবাহিনী প্রধান জেনারেল ফিলিপ লাভিন সাক্ষাতে গেলে তিনি একথা বলেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম।

শেখ হাসিনার সঙ্গে দেখা করতে বিকালে জাতীয় সংসদ ভবনে যান ফরাসি বিমান বাহিনীর প্রধান।

প্রধানমন্ত্রী বলেন, “আমরা শান্তি চাই, যুদ্ধ চাই না। কেননা এটা (শান্তি) উন্নয়নের জন্য প্রয়োজন। আমরা দেশের আর্থসামাজিক উন্নয়নে আরও অর্থ ব্যয় করতে চাই।”

যুদ্ধ না চাইলেও প্রতিরক্ষায় কর্মরত ব্যক্তিদের আরও প্রশিক্ষণ দিতে চাওয়ার কথা লাভিনকে জানান তিনি।

শেখ হাসিনা বলেন, “বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশ হিসেবে গ্রাজুয়েশন লাভ করেছে এবং আরও উন্নয়নের জন্য শান্তির প্রয়োজন।” 

তিনি বলেন, বাংলাদেশ যখন স্বাধীনতা অর্জন করেছিল তখন ৮২ শতাংশ মানুষ দারিদ্র সীমার নিচে বসবাস করত, এখন তা ২০ দশমিক ৫ শতাংশে নামিয়ে আনা হয়েছে।

সন্ত্রাসবাদ প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, “এটি একটি বৈশ্বিক সমস্যা। আমরা এই সামাজিক ব্যাধির বিরুদ্ধে সচেতনতা সৃষ্টিতে সর্বস্তরের মানুষকে এর সঙ্গে সম্পৃক্ত করেছি।”

প্রধানমন্ত্রী বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে ফ্রান্সের সমর্থনের কথা স্মরণ করে বলেন, তখন থেকেই দুই দেশের মধ্যে চমৎকার সম্পর্ক বিদ্যমান রয়েছে।

প্রেস সচিব বলেন, “জেনারেল ফিলিপ বলেছেন, ফ্রান্স এবং বাংলাদেশের বিমানবাহিনীর মধ্যে সহযোগিতা বৃদ্ধিতে একটি পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।”

ফ্রান্সের বিমান বাহিনী প্রধান বিশ্বের সংঘাতময় এলাকাগুলোতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কর্মরত বাংলাদেশি শান্তিরক্ষীদের অবদানের ভূয়সী প্রশংসা করেন।

ধানমণ্ডিতে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শনে গিয়ে তিনি আবেগাপ্লুত হয়ে পড়েন বলে জানান লাভিন।

সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) লেফটেন্যান্ট জেনারেল মো. মাহফুজুর রহমান এবং পিএমও সচিব তোফাজ্জেল হোসেন মিয়া এ সময় উপস্থিত ছিলেন।