২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এনু-রুপনকে দুদকে জিজ্ঞাসাবাদ

জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় রাজধানীর গেণ্ডারিয়া থানা আওয়ামী লীগের সাবেক নেতা এনামুল হক এনু ও তার ভাই রুপন ভূঁইয়াকে রিমান্ডে পেয়ে জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Feb 2020, 08:22 PM

Updated : 18 Aug 2022, 02:29 PM

কমিশনের পরিচালক সৈয়দ ইকবাল হোসেনের নেতৃত্বে একটি টিম রোববার দুপুর ১২টা থেকে দুদকের প্রধান কার্যালয়ে তাদের জিজ্ঞাসাবাদ শুরু করেন।

বিকাল ৫টা পর্যন্ত প্রথম দিনের জিজ্ঞাসাবাদ শেষে দুই ভাইকে রমনা থানার হাজতখানায় রাখা হয়েছে বলে দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রনব ‍কুমার ভট্টাচার্য্য জানান।

এর আগে সকালে কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে তাদের কঠোর নিরাপত্তার মধ্যে একটি মাইক্রোবাসে করে দুদকে নিয়ে আসেন কর্মকর্তারা।

গত ১৯ জানুয়ারি অবৈধ সম্পদ অর্জনের মামলায় রুপম ভূঁইয়াকে পাঁচ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের আদেশ দেন ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ কেএম ইমরুল কায়েশ।

এরপর ২৩ জানুয়ারি একই বিচারক এনামুল হক এনুকে চার দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন।

এনামুল গেণ্ডারিয়া থানা আওয়ামী লীগের সহ-সভাপতি ও রুপন একই থানা কমিটির যুগ্ম সম্পাদক ছিলেন।

গত বছর ১৮ সেপ্টেম্বর ঢাকার কয়েকটি ক্লাবের সঙ্গে ওয়ান্ডারার্সে অভিযান চালিয়ে জুয়ার সরঞ্জাম, কয়েক লাখ টাকা ও মদ উদ্ধার করে র‌্যাব।

এর ধারাবাহিকতায় গত ২৪ সেপ্টেম্বর গেণ্ডারিয়ায় প্রথমে এনু ও রুপনের বাড়িতে এবং পরে তাদের এক কর্মচারী এবং তাদের এক বন্ধুর বাসায় অভিযান চালিয়ে পাঁচটি সিন্দুকভর্তি প্রায় ৫ কোটি টাকা, আট কেজি সোনা এবং ছয়টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়।

এরপর দুদক তাদের সম্পদের বিষয়ে অনুসন্ধান চালায়। অনুসন্ধান শেষে গত বছর ২৩ অক্টোবর ৩৫ কোটি টাকা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুই ভাইয়ের বিরুদ্ধে দুদকের ঢাকা-১ সমন্বিত জেলা কার্যালয়ে মামলা আলাদা মামলা হয়।

এনামুল হক এনুর বিরুদ্ধে দুদকের সহকারী পরিচালক মামুনুর রশীদ চৌধুরীর করা মামলায় ২১ কোটি ৮৯ লাখ ৪৩ হাজার টাকার আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।

অন্যদিকে দুদকের আরেক সহকারী পরিচালক মোহাম্মদ নেয়ামুল আহসান গাজী বাদী হয়ে রুপন ভূঁইয়ার বিরুদ্ধে যে মামলা করেন তার এজাহারে বলা হয়েছে, রুপন অসৎ উদ্দেশ্যে অবৈধ পন্থায় নামে-বেনামে ১৪ কোটি ১২ লাখ ৯৫ হাজার ৮৮২ টাকার আয় বহির্ভূত সম্পদ অর্জন করেছেন।

সর্বশেষ ২০১৯-২০ করবর্ষে তার দাখিল করা আয়কর রিটার্নেও কোনো স্থাবর সম্পদের তথ্য দেননি তিনি। তবে ব্যবসার পুঁজি বাবদ ২ কোটি ৬২ লাখ ২৮ হাজার ৮৫২ টাকাসহ ৩ কোটি ৮ লাখ ৬ হাজার ৯১১ টাকার অস্থাবর সম্পদের ঘোষণা দিয়েছেন।

এর মধ্যে ব্যবসার পুঁজি এবং ‘এনু রুপন স্টিল কর্পোরেশন’র শেয়ার বাবদ প্রদর্শিত ২ কোটি ৭১ লাখ ৮২ হাজার ৪৮১ টাকা অর্জনের সপক্ষে কোনো বৈধ আয়ের উৎস দেখাননি। এটাকে তার ‘জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ’ বলছে দুদক।

গত ১৩ জানুয়ারি ঢাকার কেরানীগঞ্জ থেকে এনু ও রুপমকে গ্রেপ্তার করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ-সিআইডি। ওই দিনই অবৈধ সম্পদ অর্জনের মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়।

পুরনো খবর:

ক্যাসিনোকাণ্ডে পলাতক এনু ও রুপন গ্রেপ্তার
দুদকের মামলায় গ্রেপ্তার এনু, রিমান্ডে রুপন
ক্যাসিনোকাণ্ডে গ্রেপ্তার আ.লীগ নেতা এনু দুদকের মামলায় রিমান্ডে