২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আতিক দায়িত্ব নেওয়ার আগে ঢাকা উত্তরে মেয়রের দায়িত্বে মোস্তফা

ঢাকা উত্তর সিটি করপোরেশনের নব-নির্বাচিত মেয়র আতিকুল ইসলাম কার্যভার নেওয়ার আগ পর্যন্ত এই সিটি করপোরেশনের মেয়র প্যানেলের জ্যেষ্ঠ সদস্যকে মেয়রের দায়িত্ব দিয়েছে সরকার।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Feb 2020, 11:01 PM

Updated : 18 Aug 2022, 02:28 PM

৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. জামাল মোস্তফা বিদায়ী মেয়র প্যানেলের জ্যেষ্ঠ সদস্য। ফলে তিনি এই দায়িত্ব পেয়েছেন।

স্থানীয় সরকার বিভাগ এক আদেশে মোস্তফাকে মেয়রের দায়িত্ব দিয়ে বুধবার আদেশ জারি করেছে।

সেখানে বলা হয়েছে, “স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন, ২০০৯’ এর ধারা ২১(২) অনুযায়ী ঢাকা উত্তর সিটি করপোরেশনের নব-নির্বাচিত মেয়র কার্যভার গ্রহণ করা পর্যন্ত বর্তমান পরিষদের মেয়র প্যানেলের জ্যেষ্ঠ সদস্য মেয়রের সকল দায়িত্ব পালন করবেন।”

আওয়ামী লীগ নেতা মোস্তফা এবারের নির্বাচনে টানা তৃতীয় বারের মতো কাউন্সিলর নির্বাচন হয়েছেন।

গত ১ ফেব্রুয়ারি ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনে একযোগে নির্বাচন হয়। উত্তরে আতিকের পাশাপাশি দক্ষিণ সিটি করপোরেশনে ফজলে নূর তাপস মেয়র নির্বাচিত হয়েছেন।

ঢাকার দুই সিটি করপোরেশনের বর্তমান মেয়াদ শেষ হবে আগামী ১৬ মে। উভয় সিটিতেই বর্তমান ওয়ার্ড কাউন্সিলরের অনেকে পুনর্নির্বাচিত হয়েছেন। ফলে বর্তমান করপোরেশনের মেয়াদ শেষ না হলে নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলররা দায়িত্ব নিতে পারবেন না।

এর ফলে ভোটে জয়ী হলেও ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের মেয়রের দায়িত্ব নিতে আগামী মে মাসের মাঝামাঝি পর্যন্ত অপেক্ষায় থাকতে হবে আতিক ও তাপসকে।

পুরনো খবর:

মধ্য মে পর্যন্ত অপেক্ষায় থাকতে হচ্ছে আতিক-তাপসকে