ধানমণ্ডিতে পপুলার ডায়াগনস্টিকে অগ্নিকাণ্ড
রাজধানীর ধানমণ্ডিতে পপুলার ডায়াগনস্টিক সেন্টারে আগুন লাগার পর এক ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের অপারেটর মো. শহিদুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বুধবার রাত ৮টার দিকে পপুলারের ডায়াগনস্টিক সেন্টার ভবনের দোতলায় আগুন লাগার খবর পান তারা।
“আমাদের চারটি ইউনিট সেখানে গিয়ে রাত পৌনে ১০টায় আগুন নিয়ন্ত্রণে আনে। প্রচুর ধোঁয়া সৃষ্টি হওয়ায় কিছুটা সমস্যা হয়েছিল। তবে হতাহতের কোনো খবর আমরা পাইনি।”
হঠাৎ ধোঁয়া ছড়াতে শুরু করায় সে সময় অনেকের মধ্যে আতঙ্ক তৈরি হয়। নিরাপত্তা কর্মী ও পুলিশ সদস্যরা ডায়াগনস্টিক সেন্টারের সামনে রাস্তা থেকে উৎসুক জনতাকে দূরে রাখার চেষ্টা করেন।
পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মহা ব্যবস্থাপক মোসাদ্দেক হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দোতালায় এমআরআই মেশিন কক্ষে আগুনের সূত্রপাত হয়। তবে কেউ হতাহত হননি।
এদিকে আগুনের খবর সংগ্রহে গিয়ে পপুলারের কর্মীদের হাতে লাঞ্ছিত হওয়ার অভিযোগ করেছেন সাংবাদিকরা।
ইত্তেফাকের আলোকচিত্র সাংবাদিক আবদুল গনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তারা যমুনা টিভির রিপোর্টারকে ধাক্কা দেয়। আমার ও বাংলা ট্রিবিউনের ফটোসাংবাদিক সাজ্জাদ হোসেনের উপরও চড়াও হয়।”
এ বিষয়ে পপুলার ডায়গনস্টিক সেন্টার কর্তৃপক্ষের কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
