২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

’প্রতিটি মানুষের সঙ্গে সম্পৃক্ত’ স্যার ফজলেকে স্মরণ

কর্মের ব্যাপ্তি ও জীবনের অর্জনের সঙ্গে ব্যক্তি জীবনে ব্র্যাকের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদের সাংস্কৃতিক মন আর বন্ধু বাৎসল্যের বিচিত্র দিক উঠে এসেছে তার স্মরণ সভায়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Feb 2020, 11:54 PM

Updated : 10 Oct 2022, 06:57 PM

মঙ্গলবার ঢাকার ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় ব্র্যাকের ওই আয়োজনে স্যার ফজলেকে তুলে ধরেন তার দীর্ঘদিনের সহকর্মীরা।

বিভিন্ন তথ্য চিত্রে স্যার ফজলে নিজের কাজকে কীভাবে মূল্যায়ন করেছেন, তাও তুলে ধরা হয় অনুষ্ঠানে।

বন্ধু আবেদের স্মৃতিচারণ করে গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ ইউনুস অনুষ্ঠানে বলেন, “আবেদ একজন মানুষ, যে বাংলাদেশের প্রতিটি মানুষের সঙ্গে সংযোগ স্থাপন করে গেছে। এমন কোনো মানুষ নাই, যার সঙ্গে আবেদ সংযোগ স্থাপন করেননি। এটা কম কথা নয়।”

Image
ব্র্যাকের আয়োজনে স্যার ফজলে হাসান আবেদ স্মরণসভায় গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ব্যবস্থাপনা পরিচালক নোবেলজয়ী মুহাম্মদ ইউনূস। ছবি: আসিফ মাহমুদ অভি

ব্র্যাকের আয়োজনে স্যার ফজলে হাসান আবেদ স্মরণসভায় গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ব্যবস্থাপনা পরিচালক নোবেলজয়ী মুহাম্মদ ইউনূস। ছবি: আসিফ মাহমুদ অভি

ফজলে হাসান আবেদকে নিয়ে গবেষণার জন্য একটি সেন্টার খোলার আহ্বান জানিয়ে তিনি বলেন, “আবেদ ছিল আমাদের কাছে প্রতিদিনের মানুষ। আমরা যেন তাকে প্রতিদিন মনে রাখতে পারি, এটা বাৎসরিক বা আনুষ্ঠানিকতায় যেন আমরা হারিয়ে না ফেলি।

“আবেদের যে ভূমিকা ছিল বাংলাদেশের জন্য, সেই ভূমিকা ভুলে গেলে আমাদের জীবনকে ভুলে যাওয়ার মতো হবে। বাংলাদেশকে বুঝতে হলে আবেদকে বুঝতে হবে। আবেদকে না বুঝলে বাংলাদেশকে বোঝা হবে না।”

ইউনুস বলেন, “যত কিছু আবেদ করেছে, তা সারা পৃথিবীর মানুষের জন্য প্রযোজ্য। যেখানে অবহেলিত মানুষের বিষয়টি রয়েছে। এনজিওর ধারণাটা সে সারা দুনিয়ায় পাল্টে দিয়েছে। এই যে পরিবর্তনটি এনেছে, এটা আমরা প্রতিনিয়ত হৃদয়ঙ্গম করতে পারছি না।“

আবেদের নেতৃত্বে ব্র্যাক ক্রমাগত নিজেকে আবিষ্কার করে গেছে মন্তব্য করে ইউনুস বলেন, “জন্ম থেকে অনেক এনজিও সৃষ্টি করেছে, নিজের থেকে ছুটে গিয়ে নতুন প্রতিষ্ঠান হয়েছে। জাতীয় পর্যায়ে ছড়িয়েছে। তার সঙ্গে যারা কাজ করেছে, তারা অনুপ্রাণিত হয়ে অনেক প্রতিষ্ঠান গড়ে তুলেছে।”

স্যার ফজলের প্রিয় কবিগুরু রবীন্দ্রনাথের শাহজাহান কবিতার আবৃত্তির মাধ্যমে শুরু হয় স্মরণ সভার আনুষ্ঠানিকতা। আবৃত্তি করেন সাবেক মন্ত্রী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব আসাদুজ্জামান নূর।

অনুষ্ঠানে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধূরী বলেন, “বাংলাদেশে শিক্ষা বিস্তারে কাজ করা এনজিওগুলোর একটি মোর্চা গঠনকল্পে স্যার ফজলে গণসাক্ষরতা অভিযান’ গঠন করেছিলেন। আজ ২৩২টি এনজিও এর সদস্য।

”এর পাশাপাশি দারিদ্র্য বিমোচন, নারীর ক্ষমতায়ন প্রভৃতি ক্ষেত্রেও তিনি উন্নয়নকর্মীদের কাছে ছিলেন বটবৃক্ষের মতো। আমরা তার চিন্তা-চেতনা, আদর্শ  বাস্তবায়নে কাজ করে যাব।”

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা জাফরুল্লাহ চৌধুরী বলেন, “আমাদের গণস্বাস্থ্য কেন্দ্রের অনেক জনসেবামূলক কাজে আবেদ ভাই অকুণ্ঠচিত্তে সহায়তা করেছেন। আমরা একটি কিডনি ট্রান্সপ্লান্ট সেন্টার গড়ে তুলতে যাচ্ছি, যাতে বছরে ১ হাজার ট্রান্সপ্লান্ট করা সম্ভব হবে। সেই সেন্টারটির নাম আমরা রাখতে চাই স্যার ফজলে হাসান আবেদের নামে।”

বাবা ফজলে হাসান আবেদের স্মৃতিচারণ করে ছেলে শামেরান আবেদ বলেন, “আমার বাবা এমন এক প্রতিষ্ঠান গড়ে তুলেছেন, যেখানে গাড়িচালক-অফিস সহকারী থেকে কর্মকর্তা পর্যন্ত যে কারও সমস্যার কথাই তিনি মনোযোগ দিয়ে শুনতেন। তার দরজা ছিল সবার জন্যেই উন্মুক্ত।”

সন্তানদের কাজে স্বাধীনতা দেওয়ার কথা তুলে ধরে তিনি বলেন, “বাইরে আইনে পড়াশোনা করে যখন আমি সাংবাদিকতা শুরু করি, তখনও তিনি কিছু বলেননি। কারণ, তিনি চাইতেন আমরা যেন নিজেদের মতো করে নিজেদের গড়ে তুলি।

“সাংবাদিকতা শুরুর পর আমি যেসব লেখা লেখতাম, শত ব্যস্ততার মধ্যেও তিনি সবগুলো পড়তেন এবং তার মতামত আর উৎসাহ দিতেন।”

তিনি আরও বলেন, “মানুষের কাজে আজীবন ব্যস্ত ছিলেন তিনি। কাজের ব্যস্ততায় আমাদের কম সময় দেওয়া দিলেও তিনি কখনো আমাদের থেকে বিচ্ছিন্ন ছিলেন না।”

স্যার ফজলের অসুস্থতার সময়গুলোর স্মৃতিচারণ করেন তার মেয়ে তামারা আবেদ।

তিনি বলেন, “আমার কাছে তিনি ছিলেন, একজন পরিপূর্ণ মানুষ। একজন মানুষ সর্বোচ্চ কোন পর্যায়ে যেতে পারে, সেই উদাহরণ তিনি তৈরি করেছেন। যেভাবে তিনি বেঁচেছেন, মৃত্যর মধ্য দিয়েও তার ছাপ তিনি রেখে গেছেন।”

Image
ব্র্যাকের আয়োজনে স্যার ফজলে হাসান আবেদ স্মরণসভায় তার মেয়ে তামারা আবেদ। ছবি: আসিফ মাহমুদ অভি

ব্র্যাকের আয়োজনে স্যার ফজলে হাসান আবেদ স্মরণসভায় তার মেয়ে তামারা আবেদ। ছবি: আসিফ মাহমুদ অভি

স্মরণসভায় দেশ-বিদেশের সমাজচিন্তক, বাংলাদেশ সরকারের কয়েকজন মন্ত্রী, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, উন্নয়নকর্মী, শিক্ষাবিদ, অর্থনীতিবিদ, গবেষক, গণমাধ্যমব্যক্তিত্ব, সংস্কৃতিসেবীসহ বিভিন্ন শ্রেণি ও পেশার বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।

স্মরণসভা শেষে ব্র্যাক গ্লোবাল বোর্ডের চেয়ারপারসন আমিরা হক জানান, টানা পঞ্চমবারের মতো বিশ্বসেরা এনজিও’র স্বীকৃতি পেয়েছে ব্র্যাক।

স্মরণসভায় হার্ভার্ড কেনেডি স্কুলের শিক্ষক ড. মার্থা চেন, ব্র্যাক ইন্টারন্যাশনালের চেয়ারপার্সন আমিরাহ হক, ফজলে হাসান আবেদের ভাগ্নি আনাদিল হোসেন ও ভাতিজি তানিয়া মোর্শেদ।

জাতিসংঘের মহাসচিবের পাঠানো বিবৃতি পড়ে শোনান জাতিসংঘের আবাসিক সমন্বয়ক ও ইউএনডিপির আবাসিক প্রতিনিধি মিয়া সেপ্পো।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ও এম সাইদুজ্জামান, পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন, অর্থনীতিবিদ রেহমান সোবহান, সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবুল হাসান চৌধুরী, ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত রবার্ট আর্ল মিলার, অস্ট্রেলিয়ান হাই কমিশনের চার্জ  দ্য অ্যাফেয়ার্স পেনি মর্টন, ডিএফআইডি-র বাংলাদেশ প্রধান জুডিথ হার্বার্টসন, জাতীয় ঐক্যফ্রন্টের নেতা ড. কামাল হোসেন, বিএনপি নেতা ও সাবেক মন্ত্রী আব্দুল মঈন খান, অধ্যাপক মো. ইব্রাহিম, সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন এমপি, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী, নিজেরা করির নির্বাহী পরিচালক খুশি কবির উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের ফাঁকে ফাঁকে স্যার ফজলেকে নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। তার প্রিয় রবীন্দ্রসঙ্গীত গেয়ে শোনান অদিতি মোহসিন এবং শামা রহমান।