‘অযোগ্য’ ইসির দায়িত্ব ছাড়ার দাবি সংসদে
ঢাকা সিটি নির্বাচনে ভোটার খরার জন্য নির্বাচন কমিশনকে ‘অযোগ্য’ ‘অপদার্থ’ আখ্যা দিয়ে দায়িত্ব থেকে সরে যাওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির সংসদ সদস্য হারুনুর রশীদ।
মঙ্গলবার সংসদে অনির্ধারিত আলোচনায় অংশ নিয়ে সম্প্রতি অনুষ্ঠিত ঢাকার দুই সিটি কর্পোরেশন নির্বাচন আয়োজনে ইসির ভূমিকার সমালোচনা করে এই আহ্বান জানান তিনি।
হারুন বলেন, “গত ১ তারিখ বাংলাদেশে অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন সম্পন্ন হয়েছে, সিটি কর্পোরেশন নির্বাচন। এ প্রসঙ্গে আপনার দৃষ্টিতে (স্পিকার) আনতে চাই যে নির্বাচন কমিশন যে ফলাফল দিয়েছে, সেখানে দেখা যাচ্ছে, একটা সিটি কর্পোরেশনে তাদের যে ফলাফল, একটা সিটি কর্পোরেশনে মাত্র ২৪%। আরেকটা সিটি কর্পোরেশনে মাত্র ২৭%।
“এখানে বাংলাদেশে যত জায়গায় নির্বাচিত বডি রয়েছে কার্যক্রম চালানোর ক্ষেত্রে মিনিমাম…। আমার কথা হচ্ছে, যেখানে এক-তৃতীয়াংশ ভোটার উপস্থিত হল না, এই নির্বাচনের কি কোনো গ্রহণযোগ্যতা আছে মাননীয় স্পিকার?”
প্রচার-প্রচারণায় সরগরম থাকলেও শনিবার ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে কেন্দ্রে ভোটারের উপস্থিতি ছিল খুবই কম। ইভিএমে অনুষ্ঠিত এই নির্বাচনে ঢাকা দক্ষিণে ২৯ ও উত্তরে ২৫ শতাংশ ভোট পড়েছে।
বিএনপি নেতারা বলছেন, আওয়ামী লীগের আমলে মানুষ নির্বাচন ব্যবস্থার প্রতি অনাগ্রহী হয়ে উঠেছে। নির্বাচনে কারচুপির প্রতিবাদে রোববার হরতালও ডেকেছিল দলটি।
হারুন বলেন, “এই নির্বাচনের কি কোনো বৈধতা আছে? যেখানে সিংহভাগ মানুষ সংখ্যগরিষ্ঠ মানুষ নির্বাচনে অংশগ্রহণ করতে পারল না।
“মাননীয় স্পিকার আপনার দৃষ্টিতে এ কারণেই নিয়ে আসতে চাই, সংবিধানটা যখন প্রণয়ন করা হয়েছিল, বাংলাদেশেও কোথাও নির্বাচনে ৩০ ভাগের কম ভোটার উপস্থিতির নির্বাচন গ্রহণযোগ্য হবে এটা যদি ভাবত, তাহলে ওখানে সংখ্যা নির্ধারণ করে দিতে যে কম করে হলেও ৫০ ভাগ ভোটার উপস্থিতি ছাড়া নির্বাচন গ্রহণযোগ্য হবে না।”
ইভিএমের বিরোধিতা করে হারুন বলেন, “আজকের পত্রিকায় বলছে, ইভিএমে ফলাফল পরিবর্তন করা হয়েছে। মানবজমিনের প্রথমেই এই নিউজ। আজ ইভিএম নিয়ে এত কথা বলা হচ্ছে, ইলেকট্রনিক যন্ত্র। এখানে কিছু করা যায় না।”
ইসির সমালোচনা করে তিনি বলেন, “এই বর্তমান সরকারের অধীনে নির্বাচন কমিশনের আমল ছাড়া অতীতে কোন সময় স্থানীয় সরকার নির্বাচন, জাতীয় নির্বাচনে ৫০ ভাগের কম ভোটের নজির নেই মাননীয় স্পিকার।
“যে কারণে মনে করি, সরকার এবং নির্বাচন কমিশন ভোট গ্রহণ করার ক্ষেত্রে টোটালি ব্যর্থ। অযোগ্য,অপদার্থ নির্বাচন কমিশনের দায়িত্ব থেকে সরে যাওয়া উচিত। জনগণের এই অবস্থা থেকে অবিলম্বে মুক্তি দেবে বলে আশা রাখি।”
