২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র দিলেন আলজেরীয় দূত

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কাছে পরিচয়পত্র পেশ করেছেন আলজেরিয়ার নতুন রাষ্ট্রদূত রাবাহ লারবি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Feb 2020, 09:32 PM

Updated : 10 Oct 2022, 06:56 PM

সোমবার বিকালে নতুন দূত বঙ্গভবনে যান বলে জানিয়েছেন রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন।

তিনি সাংবাদিকদের বলেন, “নতুন দূতকে স্বাগত জানিয়ে রাষ্ট্রপতি দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কে সন্তোষ প্রকাশ করেন।”

সাক্ষাতের সময় রাষ্ট্রপতি বাংলাদেশের স্বাধীনতার পরপরই আলজেরিয়ার ভূমিকা এবং ১৯৭৩ সালের সেপ্টেম্বর মাসে দেশটিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক সফরের কথা স্মরণ করেন।

বাংলাদেশে পুনরায় আলজেরীয় দূতাবাস চালু করার জন্য দেশটির সরকারকে ধন্যবাদ জানিয়ে আবদুল হামিদ বলেন, ”এর মাধ্যমে দুই দেশের বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্ক সামনের দিনগুলোতে নতুন উচ্চতায় যাবে।”

প্রায় দুই দশক পর ২০১৬ সালের অক্টোবর মাসে আলজেরিয়াতে পুনরায় দূতাবাস চালু করে বাংলাদেশ। আর আলজেরিয়া বাংলাদেশে গত বছর পুনরায় মিশন চালু করে।

নতুন দূতের কর্মকালে দুই দেশের বাণিজ্য-বিনিয়োগ খাতে নতুন সম্ভাবনা তৈরি হবে বলে আশা প্রকাশ করেন রাষ্ট্রপতি। নতুন দূত এসময় রাষ্ট্রপতির সার্বিক সহযোগিতা কামনা করেন।

এর আগে নতুন দূত বঙ্গভবনে পৌঁছালে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের একটি দল তাকে গার্ড অব অনার দেয়।

জর্ডানে নিযুক্ত বাংলাদেশি দূতের সাক্ষাৎ

জর্ডানে নিযুক্ত বাংলাদেশি দূত নাহিদা সোবহান সন্ধ্যায় রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেন।

বাংলাদেশ-জর্ডানের বিদ্যমান সম্পর্ক চমৎকার উল্লেখ করে রাষ্ট্রপতি নতুন দূতকে দুই দেশের বাণিজ্য-বিনিয়োগ সম্ভাবনা কাজে লাগাতে উদ্যোগী হওয়ার পরামর্শ দেন।

নাহিদা সোবহানের কর্মকালে দুই দেশের পারস্পরিক সহযোগিতা বিশেষ করে জর্ডানে বাংলাদেশি জনশক্তি রপ্তানি বাড়বে বলে আশা প্রকাশ করেন রাষ্ট্রপতি।