ময়ূর নদী দখলমুক্ত করতে দুই মাস সময় দিল আদালত
খুলনার ময়ূর নদী তীরের সব অবৈধ স্থাপনা অপসারণের নির্দেশ দিয়ে দুই মাস সময় বেঁধে দিয়েছে হাই কোর্ট।
একটি রিট আবেদনে সম্পূরক আবেদনের শুনানি করে বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুর ও মোহাম্মদ উল্লাহর হাই কোর্ট বেঞ্চ সোমবার এই আদেশ দেয়।
এই সময়ের মধ্যে তফসিলভুক্ত জরিপ (ক্যাডাস্ট্রাল সার্ভে বা সিএস খতিয়ান) ও সংশোধন জরিপ (রিভিশনাল সার্ভে বা আরএস খতিয়ান) করে এবং অপসারণের প্রতিবেদন সংশ্লিষ্টদের আদালতে প্রতিবেদন দাখিল করতেও বলেছে আদালত।
পাশাপাশি নদীর তীর দখলকারীদের নাম,পরিচয়, ঠিকানাসহ তালিকা প্রস্তুত করে তা দাখিল করতেও নির্দেশ দেওয়া হয়েছে।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, পরিবেশ অধিদপ্তর, পানি উন্নয়ন বোর্ড, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ), খুলনার জেলা প্রশাসক, খুলনা সিটি করপোরেশন ও আইন প্রয়োগকারী সংস্থাকে এ নির্দেশ দেওয়া হয়।
আবেদনকারীর পক্ষে শুনানি করেন আইনজীবী মনজিল মোরসেদ। খুলনা সিটি করপোরেশনের পক্ষে শুনানি করেন আইনজীবী আব্দুল গাফফার। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি জেনারেল আবু ইয়াহিয়া দুলাল।
মনজিল মোরসেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ওই নির্দেশনা অনুযায়ী খুলনা সিটি করপোরেশন তাদের ছয়টি স্থাপনা ভেঙে আদালতে প্রতিবেদন দাখিল করেছে। সঙ্গে একটি ভিডিও দিয়েছে তারা। ওই ভিডিওতেই দেখা গেছে আরও বিভিন্ন অবৈধ স্থাপনা রয়ে গেছে ।”
সেসব স্থাপনা অপসারণের নির্দেশনা চেয়ে রোববার এইচআরপিবির পক্ষ থেকে একটি সম্পূরক আবেদন করা হলে তা শুনানি করে আদালত দুই মাসের মধ্যে নদী পাড়ের সব অবৈধ স্থাপনা অপসারণের নির্দেশ দিয়েছে বলে জানান তিনি।
আগামী ৬ এপ্রিল আদালত এ বিষয়ে পরবর্তী আদেশ দেবে বলেও জানান এই আইনজীবী।
