২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ময়ূর-মহানন্দায় ভরাট ও স্থাপনা নির্মাণে স্থিতাবস্থার নির্দেশ

খুলনার ময়ূর নদ ও চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা নদী দখল, মাটি ভরাট ও স্থাপনা নির্মাণ কাজের ওপর স্থিতাবস্থা বজায় রাখতে  নির্দেশ দিয়েছে হাই কোর্ট।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jul 2016, 08:29 PM

Updated : 20 Aug 2022, 01:14 PM

পৃথক দুটি রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে মঙ্গলবার বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি আশীষ রঞ্জন দাসের বেঞ্চ রুলসহ এই আদেশ দেয়।

রিট আবেদনকারীদের আইনজীবী মনজিল মোরসেদ বিডিনিউজ টেয়েন্টিফোর ডটকমকে বলেন, আদালত এই আদেশ দেওয়ায় ময়ূর নদ ও মহানন্দা নদীতে মাটি ভরাট ও স্থাপনা নির্মাণ করা যাবে না।

রুলে নদ ও নদীতে মাটি ভরাট, দখল ও নির্মাণ কাজ বন্ধে বিবাদীদের নিষ্ক্রিয়তা কেন বেআইনি ঘোষণা করা হবে না এবং ওখানে থাকা স্থাপনা অপসারণের নির্দেশ কেন দেওয়া হবে না তা জানতে চাওয়া হয়েছে। পাশাপাশি নদ ও নদীটি রক্ষার জন্য কেন নির্দেশ দেওয়া হবে না তাও জানতে চাওয়া হয়েছে রুলে। 

এলজিআরডি সচিব, পরিবেশ সচিব, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক, দুই জেলার জেলা প্রশাসক, খুলনা সিটি করপোরেশনের মেয়র, সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভারপ্রাপ্ত কর্মকর্তাকে চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।

মনজিল মোরসেদ বলেন, কমিটি গঠন করে ময়ূর নদ ও মহানন্দা নদীর সংশ্লিষ্ট ওই এলাকা জরিপ করে ৩০ দিনের মধ্যে আদালতে প্রতিবেদন (দখল, মাটি ভরাট ও নির্মাণ কাজের বিবরণসহ) দাখিল করতে খুলনা ও চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসককে নির্দেশ দিয়েছে আদালত।

এছাড়া স্থিতাবস্থার নির্দেশনা বাস্তবায়ন বিষয়ে সংশ্লিষ্ট এলাকার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ওসিকে দুই সপ্তাহের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

‘চাঁপাইনবাবগঞ্জে প্রশাসনের নাকের ডগায় নদ দখল’ শিরোনামে গত ১১ জুলাই একটি জাতীয় দৈনিকে ছবিসহ প্রতিবেদন ছাপা হয়। এতে বলা হয়, চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা সেতু সংলগ্ন মহানন্দা নদের বিশাল এলাকা দখল করে সিসি পিলার দিয়ে ঘিরে প্লট হিসেবে বিক্রি করছেন আবদুস সালাম নামের এক ব্যক্তি।

‘নদী দখল করে পার্কের স্থাপনা’ শিরোনামে পরদিন খুলনার ময়ূর নদ দখল নিয়ে আরেকটি জাতীয় দৈনিকে ছবিসহ প্রতিবেদন ছাপা হয়। এতে বলা হয়, খুলনার ময়ূর নদ দখল করে সেখানে লিনিয়ার পার্কের স্থাপনা নির্মাণ করা হচ্ছে। নগরীর গল্লামারীতে নির্মাণাধীন পার্কটির জন্য নদীর পাঁচটি স্থানে স্থাপনাগুলো গড়ে তোলা হচ্ছে।

প্রতিবেদন দুটি যুক্ত করে জনস্বার্থে মানবাধিকার ও পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে সোমবার পৃথক দুটি রিট আবেদন করা হয়, যা মঙ্গলবার শুনানির জন্য ওঠে।

আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মনজিল মোরসেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু।