পরিবেশ অধিদপ্তরে পাঁচজন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগের নির্দেশ
পরিবেশ অধিদপ্তরে এক মাসের মধ্যে পাঁচজন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ বা পদায়ন করতে জনপ্রশাসন মন্ত্রণায়লকে নির্দেশ দিয়েছে হাই কোর্ট।
বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের হাই কোর্ট বেঞ্চ রোববার এই আদেশ দেয়।
এর আগে ঢাকার বায়ুমান উন্নয়ন ও অধিদপ্তরে জনবল নিয়োগে কী পদক্ষেপ নেওয়া হয়েছে, সে বিষয়ে পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক এ কে এম রফিক আহাম্মদের বক্তব্য শোনে আদালত।
তিনি বলেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ ও পদায়ন চেয়ে গত বছরের ৯ মে জনপ্রশাসন মন্ত্রণালয়কে চিঠি দিয়েছিল পরিবেশ ও জলবায়ু মন্ত্রণালয়। এর মধ্যে খুলনায় একজন ম্যাজিস্ট্রেট পদায়ন করেছে জনপ্রশাসন।
এরপরই এক মাসের মধ্যে পরিবেশ অধিদপ্তরে পাঁচজন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ বা পদায়ন করতে জনপ্রশাসন মন্ত্রণালয়কে নির্দেশ দেয় আদালত।
রাজধানীতে বায়ুদূষণ রোধে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশনা চেয়ে সম্পূরক আবেদন করে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ।
এরপর গত ১৩ জানুয়ারি এক আদেশে প্রতিবেদন নিয়ে মহাপরিচালককে আসতে বলে আদালত।
রোববার আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মনজিল মোরসেদ। পরিবেশ অধিদপ্তরের পক্ষে ছিলেন আইনজীবী আমাতুল করীম। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আব্দুল্লাহ আল মাহমুদ বাশার।
আইনজীবী মনজিল মোরসেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আগামী ৩০ দিনের মধ্যে পরিবেশ অধিদপ্তরের জন্য পাঁচজন নির্বাহী ম্যাজিস্ট্রেট পদায়ন এবং নিয়োগ দিতে জনপ্রশাসন মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন হাই কোর্ট।”
এ আইনজীবী বলেন, “অধিদপ্তরের ডিজিও বলেছেন, তাদের লোকবলের অভাব। কিন্তু আমাদের পরিবেশের বিষয়গুলোর দ্রুত প্রতিকার দরকার। আমরা আবেদন করে বললাম যে, পরিবেশ অধিদপ্তরে আটজন ম্যাজিস্ট্রেট থাকার কথা, সেটা তাদের নাই। তারা নিয়োগ চেয়ে চিঠিও লিখেছে কিন্তু এখন পর্যন্ত নিয়োগ দেওয়া হয়নি। তখন আদালত এই আদেশ দিল।”
আগামী ১০ মার্চ বায়ুদূষণ রোধের সম্পূর্ণ নীতিমালাসহ কী কী পদক্ষেপ নেওয়া হয়েছে, সেসব দিয়ে পরিবেশ অধিদপ্তরকে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে বলে জানান এই আইনজীবী।
আদালতের নির্দেশনা পরিবেশ অধিদপ্তরকে শক্তিশালী করেছে মন্তব্য করে অধিদপ্তরের মহাপরিচালক এ কে এম রফিক আহাম্মদ সাংবাদিকদের বলেন, “বায়ু দূষণ রোধ একটি সমন্বিত কাজ। মহামান্য আদালত এটা আমাকে স্মরণ করিয়ে দিয়েছেন যে, পরিবেশ অধিদপ্তরের এটা মূল দায়িত্ব। কিন্তু সবার সহযোগিতা লাগবে, পরিবেশ অধিদপ্তর একা পারবে না। মহামান্য আদালতও এ কথাটি বলেছেন।”
বায়ু দূষণের জন্য কোন কারণগুলোকে বা কারণটিকে সবচেয়ে বেশি দায়ী মনে করছে অধিদপ্তর, এমন প্রশ্নে মহাপরিচালক বলেন, “বায়ু দূষণের ব্যাপারে ২০১২ সালের যে স্টাডি আছে সেখানে ইটভাটাকেই সবচেয়ে বেশি দায়ী করা হয়েছে। এখন যানবাহনও একটা কারণ। গত সপ্তাহে আমরা বিশেষজ্ঞ পর্যায়ে একটি মিটিং করেছিলাম, সেখানে যানবাহনকেও দায়ী করা হয়েছে।
“এছাড়া আরেকটি নতুন কারণও উঠে এসেছে। আবহাওয়াগত বিষয়ও আছে কিছু। শুষ্ক মৌসুমে এয়ার স্ট্যাগনেশনও এক ধরনের এয়ার ট্রাপ তৈরি হয়। তার সাথে সাথে দূষণগুলো যুক্ত হয়ে পরিস্থিতির উন্নতি হয় না, বৃষ্টি ছাড়া।”
এ কে এম রফিক আহাম্মদ বলেন, “এই সময়ে বায়ুর মুভমেন্ট থাকে না। তাছাড়া যানবাহনের পরিমাণ অনেক বেড়েছে। যানবাহনে আরেকটা নতুন জিনিস দেখবেন যে, রাইড শেয়ারিং হয়। এক সময় প্রাইভেটকার কাজ না থাকলে বসে থাকত। এখন তা থাকে না। তারা কিন্তু এখন উবার, পাঠাওয়ের মতো সার্ভিস দিয়ে থাকে। এই কারণে যানবাহনের থেকে দূষণের হার কিন্তু অনেক বেড়েছে।”
যেসব যানবাহন নির্ধারিত মাত্রার বেশি কালো ধোঁয়া ছড়াচ্ছে, সেগুলো জব্দ করতে গত ১৩ জানুয়ারি নির্দেশ দিয়েছিল আদালত।
সেই সঙ্গে সড়ক পরিবহন আইনের বিধান অনুযায়ী প্রত্যেক যানবাহনের ‘ইকোনোমিক লাইফ’ নির্ধারণ করতে বলেছে আদালত। যেসব পরিবহনের ‘ইকোনোমিক লাইফ’ পেরিয়ে গেছে, সেসব বাহন নিষিদ্ধের ব্যবস্থা নিতে বলা হয়।
এছাড়া পরিবেশ অধিদপ্তরের অনুমোদন ছাড়া টায়ার পোড়ানো বা ব্যাটারি রিসাইকেলিং বন্ধেও কার্যকর ব্যবস্থা নিতে নির্দেশ দেয় হাই কোর্ট। পরিবেশ অধিদপ্তরকে এক মাসের মধ্যে এ বিষয়ে বাস্তবায়ন প্রতিবেদন দিতে বলা হয়েছে।
সেই সঙ্গে নারায়ণগঞ্জ, মুন্সীগঞ্জ, গাজীপুর ও মানিকগঞ্জে যেসব অবৈধ ইটভাটা এখনও বন্ধ করা হয়নি, সেগুলা বন্ধ করে দুই মাসের মধ্যে বাস্তবায়ন প্রতিবেদন দিতে বলা হয়েছে।
গত বছরের ২৬ নভেম্বর ঢাকা ও ঢাকার আশপাশের এলাকায় বায়ু দূষণের কারণ ও দূষণ রোধে একটি অভিন্ন নীতিমালা প্রণয়নের জন্য পরিবেশ সচিবের নেতৃত্বে উচ্চ ক্ষমতাসম্পন্ন কমিটি গঠনের নির্দেশ দেয় হাই কোর্ট।
এছাড়া ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, মুন্সীগঞ্জ ও মানিকগঞ্জ জেলার অবৈধ ইটভাটা ১৫ দিনের মধ্যে বন্ধেরও নির্দেশ দেওয়া হয়।
গত ৫ জানুয়ারি পরবর্তী আদেশের জন্য রেখে বিবাদীদের এর মধ্যে নির্দেশনা বাস্তবায়নের প্রতিবেদন দিতে বলা হয়েছিল।
এরই ধারাবাহিকতায় পরিবেশ সচিব এবং পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালকের পক্ষে গত ১৩ জানুয়ারি আদালতে প্রতিবেদন দাখিল করা হয়।
অন্যদিকে রিট আবেদনকারী ১২ দফা নির্দেশনা চেয়ে সম্পূরক আবেদন করে। সে আবেদনের শুনানি নিয়ে আদালত ৯ দফা নির্দেশনা দেয়।
