রায়েরবাজারে ছুরিকাঘাতে যুবক নিহত
রাজধানীর রায়েরবাজারে ছুরিকাঘাতে এক যুবকের মৃত্যু হয়েছে।
নিহত সুমন শিকদার (২৪) লক্ষ্মীপুরের রামগতির বাসিন্দা নিরাপত্তাকর্মী আনোয়ার শিকদারের ছেলে। তারা ঢাকায় লালমাটিয়ায় থাকেন।
শনিবার রাত সাড়ে ১২টার দিকে মোহাম্মদপুরের রায়েরবাজার এলাকায় তার উপর হামলা হয় বলে মোহাম্মদপুর থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল আলীম জানিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছিলেন সুমন। এসময় কয়েকজন লোক অতর্কিতে ছুরি নিয়ে তার উপর হামলা চালায়। গুরুতর আহত সুমনকে সোহরাওয়ার্দী হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সুমন শনিবার ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের এক কাউন্সিলর প্রার্থীর পক্ষে লালমাটিয়া মহিলা কলেজ কেন্দ্রে পোলিং এজেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন বলে কোনো কোনো গণমাধ্যমে বলা হলেও তা নিশ্চিত হওয়া যায়নি।
জানতে চাইলে পুলিশ কর্মকর্তা আলীম বলেন, সুমনের মা-বাবা জানিয়েছেন তিনি পোলিং এজেন্ট ছিলেন না।
ঢাকা উত্তরের ৩২ নম্বর ওয়ার্ডের নব নির্বাচিত কাউন্সিলর সৈয়দ হাসান-নূর-ইসলাম রাস্টন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেনৈ, সুমন নামে তার কোনো পোলিং এজেন্ট ছিলেন কিনা তা তিনি রাতে নিশ্চিত হতে পারেনি।
“তারপরেও এই নামে আমার কেউ পোলিং এজেন্ট ছিল কিনা তা জানার চেষ্টা করছি।”
