সিদ্ধান্ত বদল: ২৬ চীনাকে আশকোনায় নেওয়া হচ্ছে না
নতুন ধরনের করোনাভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যে চীন থেকে আসা ২৬ জন চীনা নাগরিককে পর্যবেক্ষণে রাখতে আশকোনার হজ ক্যাম্পে পাঠানোর সিদ্ধান্ত বাতিল করেছে স্বাস্থ্য অধিদপ্তরের আইইডিসিআর।
চীন থেকে ফেরা ৩১২ জন বাংলাদেশির মধ্যে ৩০৪ জনকে ওই ক্যাম্পেই ‘কোয়ারেন্টাইনে’ রাখা হয়েছে।
বিমানবন্দর স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসক শাহারিয়ার সাজ্জাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শনিবার দুপুর ২টায় চীন থেকে আসা একটি ফ্লাইটে ওই ২৬ জন চীনা ঢাকায় আসেন।
ইমিগ্রেশন পার হাওয়ার আগে থার্মাল স্ক্রিনিংয়ে তাদের কারও শরীরে জ্বর বা অন্য কোনো উপসর্গ ধরা না পড়লেও তাদের ক্ষেত্রে কী করা হবে তা নিয়ে দ্বিধায় পড়ে কর্তৃপক্ষ।
পরে সন্ধ্যায় আইইডিসিআরের সাবেক প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মুশতাক হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এই চীনা নাগরিকদেরও আশকোনায় রাখা হবে।
“চীন থেকে আসা বাংলাদেশিদের আমরা সেখানে রেখেছি। একই সতর্কতা হিসেবে তাদেরও আমরা সেখানে রাখার সিদ্ধান্ত নিয়েছি। তারা সেখানে ১৪ দিন অবস্থান করবেন।”
কিন্তু পরে রাত সাড়ে ১০টায় তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এই চীনা নাগরিকদের আর ‘কোয়ারেন্টাইনে’ না পাঠানোর সিদ্ধান্ত হয়েছে।
“আমরা তাদের সেখানে পাঠাচ্ছি না। তাদের স্ক্রিনিং করার পর একটা হেলথ ডিক্লারেশন কার্ড দিয়ে দেওয়া হবে। আগামী ১৪দিন তারা আইইডিসিআরে নিয়মিত ফলোআপ করবেন।”
করোনাভাইরাস ছড়িয়ে পড়া ঠেকাতে চীন থেকে আসা যাত্রীদের পর্যবেক্ষণের এই পুরো প্রক্রিয়ায় আইইডিসিআরের সাবেক প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মুশতাক হোসেনের অভিজ্ঞতা কাজে লাগাচ্ছে সরকার।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “এরপর যারা আসবে তাদের ব্যাপারে কীভাবে এগোবো, তা নিয়ে আমরা আলোচনা করেছি। এছাড়া চীনাদের সঙ্গে সেখান থেকে আসা বাংলাদেশিদের রাখা এবং আরও কিছু বিষয়ে ভাবনা-চিন্তা করে আমরা এ সিদ্ধান্ত নিয়েছি।”
নতুন ওই ভাইরাস যে শহর থেকে ছড়িয়েছে, সেই উহান থেকে ৩১২ বাংলাদেশিকে শনিবার দেশে ফিরিয়ে আনা হয়। তাদের মধ্যে আটজনের জ্বর থাকায় তাদের পাঠানো হয় ঢাকার দুটি হাসপাতালে। বাকিদের পাঠানো হয় আশকোনার হজ ক্যাম্পে।
