চীনফেরত দুজনের কেউ করোনাভাইরাস ‘আক্রান্ত নন’
অসুস্থ চীনা নাগরিক এবং সর্দি-জ্বর নিয়ে চীনফেরত বাংলাদেশি প্রকৌশলীর রক্ত পরীক্ষায় তাদের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি ধরা পড়েনি বলে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে।
তাদের দুজনকেই হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে বলে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক আবুল কালাম আজাদ জানিয়েছেন।
তিনি শুক্রবার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এই দুজনসহ কয়েকজনের রক্তের নমুনা আইইডিসিআরে পরীক্ষা করা হয়েছে। তাদের কারও শরীরে করোনাভাইরাস পাওয়া যায়নি।
“আমরা দুজনকেই পরীক্ষা করেছি, কিন্তু তাদের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া যায়নি। এ কারণে চীনা নাগরিককে ইতোমধ্যে ছাড়পত্র দেওয়া হয়েছে। বাংলাদেশের ওই ছেলেটিকেও ছাড়পত্র দিতে হাসপাতালকে বলেছি।”
সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান আইইডিসিআরের পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সাবরিনা ফ্লোরা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে, “এন সিওভি-২০১৯ নামে নতুন এই করোনাভাইরাসের পরীক্ষা বাংলাদেশেই করা যায়। এই পরীক্ষায় কারও শরীরে করোনাভাইরাস পাওয়া গেলেই সেটি নিশ্চিত হওয়ার জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থা স্বীকৃত কোনো গবেষণাগারে পরীক্ষার জন্য পাঠানো হয়।”
চীনে ব্যাপকভাবে ছড়িয়ে পড়া প্রাণঘাতী নভেল করোনাভাইরাস (এন সিওভি-২০১৯) নিয়ে বিশ্বজুড়ে উদ্বেগ-আতঙ্কের মধ্যে গত সোমবার সর্দি-জ্বর নিয়ে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন এক চীনা নাগরিক, যিনি কয়েক দিন আগে তার দেশ থেকে এসেছিলেন। তখন ওই হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে খবর পেয়ে তার রক্তের নমুনা সংগ্রহ করে আইইডিসিআর।
তখন স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা জানান, এই চীনা নাগরিক করোনাভাইরাস আক্রান্ত কি না, তা পরীক্ষা করে দেখা হচ্ছে। সে পর্যন্ত তাকে হাসপাতালে থাকতে হবে।
এরমধ্যে মঙ্গলবার রাতে জ্বর নিয়ে চীন থেকে ফেরা এক প্রকৌশলীকে স্বাস্থ্য পরীক্ষার পর ঢাকার একটি হাসপাতালে পাঠিয়েছিল আইইডিসিআর।
