ওয়াজ নিয়ে সংসদে পাল্টাপাল্টি
সরকার ওয়াজ মাহফিলে বাধা দিচ্ছে, এমন দাবি করে সংসদে প্রতিবাদের মুখে পড়েছেন বিএনপির সংসদ সদস্য হারুনুর রশীদ।
আওয়ামী লীগের পক্ষ থেকে পাল্টা অভিযোগ করা হয়েছে, ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনের ভোটারদের বিভ্রান্ত করতে ধর্মের কথা তুলছে বিএনপি।
বৃহস্পতিবার সংসদে অনির্ধারিত আলোচনায় এ বিতর্ক খনিকটা উত্তাপের সঞ্চার করে।
পয়েন্ট অব অর্ডরে ফ্লোর নিয়ে বিএনপির হারুন বলেন, “সংবিধানের প্রস্তাবনায় বিসমিল্লাহির রাহমানির রাহিম এর বাংলা অর্থ ছিল- দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে। সেটির পরিবর্তন করে সংযোজিত হয়েছে ‘দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে/পরম করুণাময় সৃষ্টিকর্তার নামে।’ এ বিষয়টির ব্যাপারে আপত্তি করেছিলাম। প্রকৃত অর্থ সংযোজন হওয়া উচিত।”
বিভিন্নস্থানে ওয়াজ মাহফিলের প্রসঙ্গে টেনে তিনি বলেন, “মহান সংসদে মহামান্য রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনা হচ্ছে। অনেক সদস্য বিভিন্ন বিষয়ে দৃষ্টি আকর্ষণ করছেন। বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে আজকে বিভিন্ন তাফসির মাহফিলে যে আলোচনাগুলো আসছে… কোরআন-হাদিসের আলোকে সেগুলোকে আপত্তিজনক, অসংলগ্ন কথাবার্তা বলা হচ্ছে। কোন বিষয়টি? কোরান এবং হাদিস মৌলিক ফান্ডামেন্টাল বিষয়। এখানে আমি আমার মত ব্যাখ্যা দেওয়ার সুযোগ নেই।”
স্পিকার এ সময় পয়েন্ট অব অর্ডারের বিষয়ে জানতে চাইলে হারুন বিসমিল্লাহর প্রকৃত অর্থ নিয়ে দৃষ্টি আকর্ষণ করে স্পিকারের সিদ্ধান্ত জানতে চান।
তিনি বলেন, “রাষ্ট্রধর্ম ইসলাম। আমরা মুসলমান। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান তারা বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের প্রচার চালাচ্ছে। কিন্তু আমরা যারা ইসলাম ধর্মের অনুসারী, আজ তাফসির মাহফিল করতে গেলে সেখানে নিষেধাজ্ঞা আসছে, আপত্তি আসছে এবং যে সমস্ত বিষয় নিয়ে আপত্তি আসছে সেগুলো নিয়ে মুসলমানদের মধ্যে প্রতিক্রিয়া হচ্ছে।“
এ সময় সরকারি দলের বেঞ্চ থেকে আওয়ামী লীগের সংসদ সদস্যরা হারুনের কথার প্রতিবাদ জানান।
পরে সাবেক প্রধান হুইপ আসম ফিরোজ বলেন, “এটা সত্য বাংলাদেশে সবাইকে সমান সুযোগ দেওয়া হয়। কোরানের তফসির নিয়ে যে কথা উনি বললেন, আমরা বাংলাদেশে সব জায়গায় মাহফিল হচ্ছে। সেখানে ধর্মের, ইসলামের কথা বলা হচ্ছে। শুধুমাত্র জামাতিপন্থায় যাতে মানুষকে শিক্ষা দিতে না পারে, যাতে দেশটাকে জঙ্গি রাষ্ট্রে পরিণত করতে না পারে সে দিকটাকে আমরা বলে থাকি, এটা যেত না হয়। ইসলামের কাজে কোনো বাধা দেওয়া হচ্ছে না।”
হারুনের উদ্দেশ্যে তিনি বলেন, “মাননীয় সদস্য জামাতপন্থিদের কথার মতই কিছু কথা উত্থাপন করেছেন। মুষ্টিমেয় কয়েকজন লোক সারাবিশ্বে বাংলাদেশকে জঙ্গিরাষ্ট্র হিসেবে দেখাতে চাইছে।”
পরে হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন ফ্লোর নিয়ে বলেন, “বিরোধী দলের সদস্য ধর্মের নামে পূর্বের ন্যায় ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করেছেন। তিনি বিসমিল্লাহর ব্যাখ্যা হিসাবে সংসদে গৃহীত সংবিধানের সন্নিবেশিত ব্যাখ্যার অপব্যাখ্যা দিয়ে মানুষকে বিভ্রান্ত করছেন।”
“এটি উদ্দেশ্যপ্রণোদিত, চিরাচরিত একই রাজনীতি, ধানের শীষে ভোট দিলে বেহেস্তের টিকিট পাওয়া যাবে। নৌকায় ভোট দিলে ইসলাম থাকবে না। নবীর মৃত্যুর পর কোনো হাদিস পৃথিবীতে আসে নাই। বিএনপির জন্মের পর বলা হল ধানের শীষে ভোট দিলে বেহেস্ত পাওয়া যাবে।”
স্বপন বলেন, “আগামী ১ তারিখ সিটি কর্পোরেশন নির্বাচন। এই নির্বাচনে ঢাকার মানুষকে বিভ্রান্ত করার জন্য হঠাৎ করে এমন একটি পয়েন্ট উত্থাপন করলেন, যার সঙ্গে সংসদের কার্যক্রমের কোনো সম্পর্ক নেই।
“সারা বাংলাদেশে ওরস, তাফসির মাহফিল হয়। আমরা ওরসে বোমা হামলা করতে দিই নাই। আমরা হযরত শাহজালালের মাজারে বোমা হামলা করতে দিই নাই। ইসলামের নামে যারা ধর্মের নামে বিভিন্ন ফতোয়া দিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে মাননীয় সংসদ সদস্যরা ঐক্যবদ্ধভাবে কথা বলছেন। যারা তাফসির মাহফিল করছেন, যারা জলসা করছেন, তাদেরকে রাষ্ট্র পৃষ্ঠপোষকতা দিচ্ছে।”
