২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সবচেয়ে বেশি খাস জমি বেদখল চট্টগ্রামে

সারাদেশে ৬২ হাজার একর খাস জমি অবৈধ দখলে রয়েছে, যার মধ্যে সবচেয়ে বেশি জমি বেদখলে রয়েছে চট্টগ্রামে।

সংসদ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jan 2020, 09:25 PM

Updated : 18 Aug 2022, 02:26 PM

বৃহস্পতিবার সংসদে এক প্রশ্নের জবাবে ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর প্রশ্নের জবাব থেকে এ তথ্য পাওয়া গেছে।

মন্ত্রীর দেওয়া তথ্য থেকে জানা যায়, তার নিজের বিভাগ চট্টগ্রামেই সবচেয়ে বেশি খাস জমি বেদখলে রয়েছে।

চট্টগ্রামের  দিদারুল আলমের প্রশ্নের জবাবে ভূমিমন্ত্রী জানান, সারা দেশে ৬২ হাজার ৫৩৭ দশমিক ৩৮ একর খাস জমি অবৈধ দখলদারদের দখলে রয়েছে।

এরমধ্যে ঢাকা বিভাগে ১৫ হাজার ৫৪ দশমিক ১৯ একর, চট্টগ্রাম বিভাগে ২৪ হাজার ৮৫৯ দশমিক ৯৮ একর, খুলনায় ৩ হাজার ৪৪৫ দশমিক ৭৬ একর, রংপুরে ৭ হাজার ৩৮৭ দশমিক ৭৭ একর, ময়মনসিংহে এক হাজার ৩৯৩ দশমিক ৮১ একর, বরিশালে ৪ হাজার ৬৯ দশমিক ৬১ একর, সিলেটে ৫ হাজার ১৬৪ দশমিক ৬৫ একর এবং রাজশাহী বিভাগে ১ হাজার ১৬১ দশমিক ৬১ একর খাসজমি অবৈধ দখলে রয়েছে।

মন্ত্রী বলেন, “অবৈধ খাসজমি উদ্ধারের জন্য নিয়মিত পরিদর্শনের বিষয়ে সব জেলা প্রশাসককে নির্দেশনা দেওয়া হয়েছে। অবৈধ দখলদারদের তালিকা করে আইনগত প্রক্রিয়ায় উচ্ছেদ কার্যক্রম গ্রহণ করে সরকারের দখলে নেওয়ার ব্যবস্থা গ্রহণের পরিকল্পনা রয়েছে।”

সংরক্ষিত আসনের সৈয়দা রুবিনা আক্তারের প্রশ্নের জবাবে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক জানান, বর্তমানে এক লাখ ৮৯ হাজার ৩১১ জন বীর মুক্তিযোদ্ধাকে সম্মানী ভাতা দেওয়া হচ্ছে। ২০১৯-২০২০ অর্থবছর থেকে মাসিক ১২ হাজার টাকা সম্মানী ভাতাসহ দুটি উৎসব ভাতা ১০ হাজার টাকা হারে দেওয়া হচ্ছে মুক্তিযোদ্ধাদের।

সরকারি দলের ফরিদুল হক খানের প্রশ্নের জবাবে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী বলেন, “বাংলাদেশ বিমান ও অব্যবস্থাপনা সমার্থক শব্দে পরিণত হয়েছে এবং অব্যবস্থাপনার কারণেই ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে বিমানের সব ফ্লাইট-এ কথাটি সঠিক নয়। তবে কিছু অনিয়ম রয়েছে, যা প্রতিরোধে ইতোমধ্যে পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।”

আনোয়ার হোসেন খানের প্রশ্নের জবাবে মাহবুব আলী জানান, জানুয়ারি ২০১৯ থেকে ডিসেম্বর ২০১৯ পর্যন্ত সময়ে যাত্রী পরিবহন করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স চার হাজার ৩০৫ কোটি টাকা আয় করেছে। এ সময়ে সর্বসাকুল্যে লাভের পরিমাণ ৪৬০ কোটি টাকা (অনিরীক্ষিত)।

সরকারিদলের এ কে এম রহমতুল্লাহর প্রশ্নের জবাবে সংসদ কাজে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত আইনমন্ত্রী আনিসুল হক বলেন, ৩০ জুন ২০১৯ তারিখে সেনাকল্যাণ সংস্থার মোট সম্পদের পরিমাণ ছিল ২ হাজার ৫৭৬ কোটি ৯৬ লাখ টাকা। ২০১৮-২০১৯ অর্থবছরে লাভ ছিল ১৭০ কোটি ৯১ লাখ টাকা (আয়করপূর্ব)।

সরকারি দলের মুহিবুর রহমানের প্রশ্নের জবাবে আনিসুল হক জানান, ২০১৯-২০২০ অর্থবছরে বাংলাদেশ বিমান বাহিনীকে আরও গতিশীল, যোগোপযোগী ও আধুনিকায়নের লক্ষ্য ১৬টি মাল্টি রোল কমব্যাট এয়ারক্রাফট (এমআরসিএ), ৮টি অ্যাটাক হেলিকপ্টার, তিনটি ভিভিআইপি হেলিকপ্টার, দুটি এয়ার ডিফেন্স রাডার ইউনিট, ২৪টি প্রাইমারি ট্রেইনার এসি, দুটি লাইট এসি, একটি কে-৮ ডব্লিউ সিম, ৪টি এমআরএপি ভ্যাকেল, একটি এডব্লিউ-১১৯ সিম, দুটি কাউন্টার ড্রোন সার্ভ রাডার সিস্টেম, একটি মোবাইল এটিসি টাওয়ার কেনার কার্যক্রম প্রক্রিয়াধীন আছে।

আনিসুল হক জানান, বাংলাদেশি শান্তিরক্ষা মিশনের আওতায় বিস্ফোরক হামলা থেকে বাংলাদেশি শান্তিরক্ষীদের নিরাপত্তা দেওয়ার জন্য ১৫টি মাইন রেসিস্ট্যান্ট অ্যাম্বুস প্রটেক্টেড (এমআরএপি) ইউথ জ্যামার কেনা হয়েছে এবং যুক্তরাষ্ট্র থেকে আরও ৫০টি এমআরএপি কেনার চুক্তি করা হয়েছে।

সরকারি দলের নিজাম উদ্দিন হাজারীর প্রশ্নের জবাবে আনিসুল হক জানান, বর্তমানে জাতিসংঘ সদর দপ্তরে কর্মরত ৫জনসহ বিশ্বের সাতটি দেশে ৮টি শান্তিরক্ষা মিশনে সর্বমোট ৫ হাজার ৭৪ জন শান্তিরক্ষী কর্মরত রয়েছেন। এর মধ্যে ৫১৪ জন কর্মকর্তা।

বিএনপির জিএম সিরাজের প্রশ্নের জবাবে পরিবেশমন্ত্রী শাহাব উদ্দিন জানান, বর্তমানে দেশে বনভূমির পরিমাণ প্রায় ৬৩ লাখ ৬৮ হাজার ৭৬৫ দশমিক ৬৭ একর।