২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাস্তা বন্ধ করে মিটিং-মিছিল নয়: আতিক

নির্বাচনের প্রচারে জনদুর্ভোগ সৃষ্টি না করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনে আওয়ামী লীগের মেয়রপ্রার্থী মো. আতিকুল ইসলাম।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jan 2020, 07:26 PM

Updated : 10 Oct 2022, 06:55 PM

শেরেবাংলা নগরে বৃহস্পতিবার এক নির্বাচনী পথসভায় তিনি বলেন, প্রচারণার সময় জনদুর্ভোগ নিয়ে অনেক অভিযোগ এসেছে।

তিনি বলেন, “আপনাদের প্রতি আমার অনুরোধ কয়দিন বাকী আছে, জনদুর্ভোগ যেন না হয় সেদিকে নজর রাখি। কোনো রাস্তা বন্ধ করে মিটিং যেন না করি। রাস্তা ব্লক করে কোনো গাড়ি যেন আটকে না দেই। আমরা যেন সবাইকে গুরুত্ব দেই।

“ভুলে গেলে চলবে না, একটি রাস্তা আটকে দিলে আমাদের কোনো বোন-ভাই পরীক্ষা দিতে যেতে পারবে না। কোনো অ্যাম্বুলেন্স যেতে পারবে না। এজন্য আমাদের আমূল পরিবর্তন আনতে হবে। একটি সুশৃঙ্খলা প্রচারণা করে দেখিয়ে দেই, আমরা সুশৃঙ্খল ঢাকা উপহার দিতে পারব।”

সবার ঘরে ঘরে গিয়ে ভোট চাইতে দলের নেতাকর্মীদের প্রতি অনুরোধ করেন আতিকুল ইসলাম।

নৌকার প্রার্থীকে বিজয়ী করে বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উদযাপনেরও আহ্বান জানান তিনি।

“১ তারিখে নৌকার প্রার্থীকে বিজয়ী করে জাতির জনকের জন্মশত বার্ষিকী উদযাপন করি। যিনি স্বাধীন দেশ এনেছেন দিয়েছেন, আমরা তাকে শ্রদ্ধা করি, সম্মান করি। ভোটের মাধ্যমে উপহারটা তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে আমরা তুলে দেই।”

নির্বাচনের প্রচারে নতুন কোনো পদ্ধতি বের করা যায় কিনা তা ভেবে দেখতে নির্বাচন কমিশনের প্রতি আবারও আহ্বান জানান আতিক।

“আমরা পার্টিকুলার একটা ওয়াল নির্দিষ্ট করে দেব যেখানে সকল রাজনৈতিক দলগুলো সেখানে যেন পোস্টার লাগায়। সেই ওয়ালেই যেন আমরা যেকোনো প্রচার চালাই। এই শহর আমাদের সবার। এখান থেকে আমরা রুটি-রুজি করি। আমরা এই শহরকে ভালোবাসলে আরও সুন্দর হয়ে যাবে।”

শেরেবাংলা নগর থেকে প্রচারণা শুরুর পর মনিপুরী পাড়া, রাজাবাজার, ফার্মগেট, কারওয়ান বাজার, মগবাজার, নয়াটোলা এলাকায় গণসংযোগ করেন আতিকুল ইসলাম।