২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২৬ হাজার স্কুলে শুরু হল দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা

দুর্নীতির নেতিবাচক প্রভাব সম্পর্কে সচেতন করতে দুর্নীতি দমন কমিশনের (দুদক) আয়োজনে দেশের ২৬ হাজার স্কুলে ষষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে শুরু হয়েছে দুর্নীতিবিরোধী জাতীয় বিতর্ক প্রতিযোগিতা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jan 2020, 05:42 PM

Updated : 18 Aug 2022, 02:21 PM

সোমবার হওয়া এ প্রতিযোগিতা উপজেলা, জেলা এবং বিভাগীয় পর্যায়ের পর শেষে জাতীয় পর্যায়ে ৩১ ডিসেম্বর চূড়ান্ত পর্বের মধ্যে দিয়ে শেষ হবে বলে দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ জানিয়েছেন।

দুদক প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, আগামী প্রজন্মকে সৎ, যোগ্য, মেধাবী, দেশপ্রেমিক এবং নৈতিকতা ও মূল্যবোধ সম্পন্ন যুক্তিনির্ভর মানুষ হিসেবে গড়ে তুলতেই এ প্রতিযোগিতা।

তিনি জানান, দুদকের সততা সংঘ থাকা দেশের ২৬ হাজার ২১৩টি স্কুলে আয়োজিত এই বিতর্ক প্রতিযোগিতার জন্য কয়েকটি বিষয় নির্ধারণ করা হয়েছে।

এগুলো হল- ‘মূল্যবোধ ও দেশপ্রেমের অভাবেই দুর্নীতির বিস্তার ঘটে’; ‘দুর্নীতি বিরোধী মনোভাব সৃষ্টিতে পরিবারের ভূমিকাই মুখ্য’; ‘অভাব নয়, সীমাহীন লোভই দুর্নীতির প্রধান কারণ’; ‘তথ্য প্রযুক্তির সর্বাত্মক ব্যবহারই পারে দুর্নীতিমুক্ত দেশ গড়তে’ এবং ‘প্রতিরোধ নয়, দমনই দুর্নীতি নির্মূলের কার্যকর উপায়’।

এই বিতর্ক প্রতিযোগিতায় সহযোগিতা দিচ্ছে বেসরকারি টেলিভিশন চ্যানেল আই ও অক্সফাম ইন বাংলাদেশ। প্রতিযোগিতার চূড়ান্ত চ্যানেল আই সরাসরি সম্প্রচার করবে।