২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুনামগঞ্জের আওয়ামী লীগ নেতা ইমনকে দুদকে জিজ্ঞাসাবাদ

সরকারি অর্থ আত্মসাত করে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এনামুল কবির ইমনকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jan 2020, 08:22 PM

Updated : 18 Aug 2022, 02:19 PM

ঢাকার সেগুনবাগিচায় দুদক প্রধান কার্যালয়ে বুধবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত সংস্থাটির উপ-পরিচালক নুরুল হুদা তাকে জিজ্ঞাসাবাদ করেন।
জিজ্ঞাসাবাদ শেষে ইমন দাবি করেন, তার ভাবমূর্তি ‘নষ্ট’ করতে একটি মহল তার বিরুদ্ধে দুদকে ‘মিথ্যা’ অভিযোগ দিয়েছে।

গত ৬ জানুয়ারি ইমনকে হাজির হয়ে অভিযোগের বিষয়ে বক্তব্য দিতে নোটিস দেয় দুদক।
ওই নোটিসে বলা হয়, ইমন তদবির বাণিজ্য ও সরকারি অর্থ আত্মসাৎ করাসহ জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের বিভিন্ন অভিযোগ রয়েছে।
দুদকে হাজির হওয়ার সময় নিজের ও স্ত্রী, পুত্র, কন্যাসহ তার ওপর নির্ভরশীল ব্যক্তিদের জাতীয় পরিচয়পত্র ও পাসপোর্টের ফটোকপি সঙ্গে আনতে বলা হয়েছিল ইমনকে।

জিজ্ঞাসাবাদ শেষে দুদক থেকে বেরিয়ে ইমন সাংবাদিকদের বলেন, “আমার দীর্ঘ রাজনৈতিক অর্জনের ভাবমূর্তি নষ্ট করার জন্য একটি মহল দুদকে আমার নামে মিথ্যে অভিযোগ করেছে। আমার বাবা সুনামগঞ্জের এমপি ছিলেন। তার সুনাম আছে। তার ছেলে হিসেবে আমিও সততার সঙ্গে রাজনীতি করছি।

“বিএনপি, জামায়াত ও জাতীয় পার্টির সংশ্লিষ্ট আমার রাজনৈতিক প্রতিপক্ষরা একজন সাংবাদিকের সহায়তা নিয়ে আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করেছে। আমি জানি, দুদকের অনুসন্ধানে সত্যিটা বেরিয়ে আসবে।"
ইমন পাওয়ার গ্রিড কোম্পানির সাবেক স্বতন্ত্র পরিচালক এবং সুনামগঞ্জ জেলা পরিষদের সাবেক প্রশাসক।