বনানীতে ভবন থেকে ‘লাফিয়ে আত্মহত্যা’
ঢাকার বনানীর এক ভবন থেকে পড়ে এক বীমা কোম্পানির আইটি কর্মকর্তার মৃত্যু হয়েছে।
সহকর্মীদের বরাত দিয়ে পুলিশ বলছে, হুমায়ুন কবির নামের ৫৫ বছর বয়সী ওই ব্যক্তি বিটিএ টাওয়ারের ছাদ থেকে ‘লাফিয়ে পড়ে আত্মহত্যা’ করেছেন।
গুলশান থানার ওসি নূরে এ আযম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সোমবার বেলা ১২টার দিকে খবর পেয়ে ওই ভবনের নিচ থেকে পুলিশ হুমায়ুনের লাশ উদ্ধার করে।
হুমায়ুন কবির ছিলেন ‘সানলাইফ ইন্সুরেন্স কোম্পানির’ আইটি বিভাগের প্রধান। তার অফিস ছিল বিটিএ টাওয়ারের ১১ তলায়।
পুলিশের গুলশান জোনের জ্যেষ্ঠ সহকারী কমিশনার রফিকুল ইসলাম বলেন, “হুমায়ুন ভবনের ছাদে উঠে নিচে লাফিয়ে পড়েন বলে সহকর্মীরা জানিয়েছেন। তবে কী কারণে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন, সে বিষয়ে কিছু জানা যায়নি।”
বিষয়টি খতিয়ে দেখতে পুলিশ তদন্ত শুরু করেছে বলে জানান রফিকুল।
