গণপূর্তের প্রকৌশলীসহ তিনজনকে দুদকে তলব
আলোচিত ঠিকাদার জি কে শামীমের বিভিন্ন ঠিকাদারি কাজের সঙ্গে যুক্ত থেকে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে গণপূর্ত অধিদপ্তরের এক প্রকৌশলীসহ তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
সোমবার দুদক পরিচালক সৈয়দ ইকবাল হোসেনের স্বাক্ষরে পৃথক নোটিসে আগামী ১৬ জানুয়ারি কমিশনের প্রধান কার্যালয়ে তাদেরকে হাজির হতে বলা হয় বলে কমিশনের জনসংযোগ দপ্তর জানিয়েছে।
যাদেরকে তলব করা হয়েছে, তারা হলেন, গণপূর্ত অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোসলেহ উদ্দিন, ন্যাশনাল ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার্সের (এনডিই) ব্যবস্থাপনা পরিচালক রেজাউন মোস্তাফিজ এবং এম জামাল অ্যান্ড কোম্পানির মালিক মো. জামাল উদ্দিন।
তাদেরকে পাঠানো নোটিসে অভিযোগের বিষয়ে বলা হয়, “ঠিকাদার জি কে শামীমসহ অন্যান্য ব্যক্তির বিরুদ্ধে সরকারি কর্মকর্তাদের শত শত কোটি টাকা ঘুষ দিয়ে বড় বড় ঠিকাদারী কাজ নিয়ে বিভিন্ন অনিয়মের মাধ্যমে সরকারি অর্থ আত্মসাৎ, ক্যাসিনো ব্যবসা করে শত শত কোটি টাকা অবৈধ প্রক্রিয়ায় অর্জন করে বিদেশে পাচার ও জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধান চলছে। সুষ্ঠু অনুসন্ধানের আপনার অধীনস্থ সংশ্লিষ্ট কর্মকর্তাদের বক্তব্য রেকর্ড করে পর্যালোচনা করা একান্ত প্রয়োজন।”
গত ১৮ সেপ্টেম্বর আইনশৃঙ্খলা বাহিনীর ক্যাসিনোবিরোধী অভিযান শুরুর দুদিন পর জি কে শামীমকে গ্রেপ্তার করা হয়।
ক্যাসিনোসহ বিভিন্ন মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের বিষয়ে অনুসন্ধানে নেমেছে দুদক। এখন পর্যন্ত ক্যাসিনোসহ বিভিন্ন মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ২০টি মামলা হয়েছে।
