২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ডাকাতির অভিযোগে গ্রেপ্তার ডিবির এসআই রিমান্ডে

ডাকাতির অভিযোগে গ্রেপ্তার গোয়েন্দা পুলিশের এক এসআইকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করবে ঢাকার ওয়ারি থানা পুলিশ।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jan 2020, 07:41 PM

Updated : 18 Aug 2022, 02:19 PM

এই পুলিশ কর্মকর্তা হলেন রাশেদুল আলম। তিনি নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানার ভুইঘর গ্রামের শহিদুল্লার ছেলে। ওয়ারি থানার এক ডাকাতির মামলায় রোববার নারায়ণগঞ্জ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

রাশেদুলকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতের আবেদন নিয়ে সোমবার তাকে ঢাকার আদালতে নিয়ে যান মামলার তদন্ত কর্মকর্তা ওয়ারিথানার উপপরিদর্শক হারুন-অর-রশিদ।

শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম আশেক ইমাম দুদিন রিমান্ডের আদেশ দেন বলে আদালতে রাষ্ট্রপক্ষের অন্যতম কৌঁসুলি হেমায়েত উদ্দিন খান হিরন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।

গত ১৮ ডিসেম্বর শফিউল আলম আজাদ নামে এক ব্যক্তি সাড়ে ৫ লাখ টাকা ডাকাতির অভিযোগে ওয়ারি থানায় মামলা করেন। ওই মামলার তদন্তে এসআই রাশেদুলের সম্পৃক্ততা উঠে আসে।

মামলার বাদী শফিউল জানান, গত ৫ ডিসেম্বর তিনি, তার বন্ধু গিয়াসউদ্দিন ও ভাগ্নে মাহমুদুল হাসান মুন্নাসহ সিঙ্গাপুরে থাকা তার মামার বাড়ি নির্মাণের জন্য সাড়ে পাঁচ লাখ টাকা নিয়ে মাদারীপুর রওনা হন। ওয়ারি থানা এলাকা টিপু সুলতান রোডে পৌঁছালে অজ্ঞাতনামা চার-পাঁচজন একটি মাইক্রোবাসে এসে র‌্যাব পরিচয় দিয়ে অস্ত্র ঠেকিয়ে তাদের সবাইকে ওই গাড়িতে তুলে নেয়। এরপর তাদের সবাইকে মুন্সীগঞ্জে নিয়ে হাত ও চোখ বেঁধে ছেড়ে দিলেও সাড়ে পাঁচ লাখ টাকাসহ অন্যান্য মূল্যবান জিনিসপত্র হাতিয়ে নেওয়া হয়।

ওই মামলায় পাঁচজনকে গ্রেপ্তার করা হলে তারা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন বলে ওয়ারি থানা পুলিশ জানায়। তাদের জবানবন্দিতে রাশেদুলের নাম পাওয়ার পর তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান তারা।

গ্রেপ্তার অন্য আসামিরা হলেন রিপন কাজী, মুক্তার হোসেন, আশিক ইকবাল, রাসেল আহমেদ ও শরিফুল ইসলাম।