২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম পটুয়াখালী পিরোজপুরে হবে ১৩৬টি সাইক্লোন শেল্টার

পটুয়াখালী ও পিরোজপুরে ১৩৬টি সাইক্লোন শেল্টার নির্মাণে সায় দিয়েছে দিয়েছে সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। এতে ব্যয় হবে ৭৭০ কোটি টাকা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jan 2020, 09:19 PM

Updated : 18 Aug 2022, 02:17 PM

বৃহস্পতিবার সচিবালয়ে সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন (আইডিএ) এবং বাংলাদেশ সরকারের অর্থায়নে অনুমোদিত ‘বহুমুখী দুর্যোগ আশ্রয়কেন্দ্র’ প্রকল্পের আওতায় পটুয়াখালী জেলায় ৩৬টি সাইক্লোন শেল্টার ও তৎসংলগ্ন সংযোগ সড়ক নির্মাণ কাজের ক্রয় প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। এতে ব্যয় হবে ২৪০ কোটি ৩২ লাখ ৯৪ হাজার ৪৯৪ টাকা।”

পিরোজপুরে ৫০টি সাইক্লোন শেল্টার তৈরির প্রকল্পে ব্যয় হবে ৩১৯ কোটি ৫০ লাখ ১৩ হাজার ৯৫০ টাকা।

অন্য একটি প্যাকেজে চট্টগ্রাম জেলায় ২৫টি সাইক্লোন শেল্টার তৈরিতে ব্যয় হবে ১০৩ কোটি ৭৫ লাখ ১ হাজার ১৭৮ টাকা এবং আইডিএ’র অর্থায়নে চট্টগ্রাম জেলায় আরও ২৫টি সাইক্লোন শেল্টার নির্মাণে ব্যয় হবে ১০৭ কোটি ৫ লাখ ১৪ হাজার ২৬০ টাকা।

অর্থমন্ত্রী জানান, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের ‘শতভাগ পল্লী বিদ্যুতায়নের জন্য বিতরণ নেটওয়ার্ক সম্প্রসারণ (রাজশাহী, রংপুর খুলনা  ও বরিশাল ভিাগ)’ শীর্ষক প্রকল্পের একটি প্যাকেজের আওতায় কন্ডাক্টর, এসিএসআর ও বেয়ার কেনার একটি প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে। এ জন্য ব্যয় হবে ৯৪ কোটি ৭০ লাখ ৯৫ হাজার ৭৪০ টাকা।

বৈঠকে বিআইডব্লউটিসি বাস্তবায়নাধীন একটি প্রকল্পের আওতায় ফেরি নির্মাণ ও সরবরাহ কাজের দরপত্র অনুমোদন দেয়া হয়েছে। এতে ব্যয় হবে ১৩৯ কোটি ৪৯ লাখ ৯৭ হাজার ৫৩৪ টাকা ব্যয় হবে।   

এর আগে অর্থমন্ত্রীর সভাপতিত্বে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক বৈঠকে ‘কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অধিকতর উন্নয়ন’ শীর্ষক প্রকল্পের আওতায় ভূমি উন্নয়নসহ ভৌত ও অন্যান্য কাজসমূহ সরাসরি ক্রয় পদ্ধতিতে সম্পাদনের লক্ষ্যে নীতিগত অনুমোদন দেয়া হয়।

এছাড়াও ২০১৯-২০২০ অর্থবছরের পৌরসভা উন্নয়ন সহায়তা থোক বরাদ্দ খাতের আওতায় ‘যান-যন্ত্রপাতি ক্রয়’ উপ-খাতে বরাদ্দকৃত অর্থ থেকে পৌরসভাসমূহের জন্য রোড রোলার (৯-১২ টন) ক্রয়ের লক্ষ্যে সরাসরি ক্রয় পদ্ধতি (ডিপিএম) অনুসরণের নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে বলে বৈঠক শেষে অর্থমন্ত্রী জানান।