সিটি ভোট: প্রার্থিতা প্রত্যাহারের সুযোগ শেষ হচ্ছে বিকালে
ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র ও কাউন্সিলর পদে মনোনয়নপত্র প্রত্যাহারের সুযোগ শেষ হচ্ছে বৃহস্পতিবার বিকাল ৫টায়।
ওই সময়ের পর যারা বৈধ প্রার্থী থাকবেন, তারাই প্রতিদ্বন্দ্বিতা করবেন আগামী ৩০ জানুয়ারির নির্বাচনে।
কোনো পদের বিপরীতে প্রার্থী মাত্র একজন হলে তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হবে। আর একাধিক প্রার্থী হলে ভোটের জন্য শুক্রবার প্রতীক বরাদ্দ করবেন রিটার্নিং কর্মকর্তা।
প্রতীক পেয়েই ভোটের প্রচারে নামবেন প্রার্থীরা। ঘরোয়া বৈঠক, পথসভা আ প্রচার- সবক্ষেত্রে প্রার্থীদের আচরণবিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন উত্তরের রিটার্নিং কর্মকর্তা আবুল কাসেম ও দক্ষিণের রিটার্নিং কর্মকর্তা আব্দুল বাতেন।
এবার উত্তর ও দক্ষিণ সিটিতে মেয়র পদে ১৩ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষিত হয়েছে। সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলর মিলিয়ে বৈধ প্রার্থী আছেন সহস্রাধিক।
উত্তরে মেয়র পদে প্রার্থীরা হলেন- আওয়ামী লীগের আতিকুল ইসলাম, বিএনপির তাবিথ আউয়াল, ইসলামী আন্দোলন বাংলাদেশের শেখ মো. ফজলে বারী মাসউদ, সিপিবির আহম্মেদ সাজেদুল হক রুবেল, এনপিপির আনিসুর রহমান দেওয়ান ও পিডিপির শাহীন খান।
দক্ষিণে মেয়র প্রার্থীরা হলেন- আওয়ামী লীগের শেখ ফজলে নূর তাপস, বিএনপির ইশরাক হোসেন, জাতীয় পার্টির হাজী সাইফুদ্দিন আহমেদ মিলন, ইসলামী আন্দোলন বাংলাদেশের আব্দুর রহমান, এনপিপির বাহারানে সুলতান বাহার, গণফ্রন্টের আব্দুস সামাদ সুজন ও বাংলাদেশ কংগ্রেসের আকতারুজ্জামান ওরফে আয়াতুল্লাহ।
ইসি কর্মকর্তারা জানান, তিনটি পদে এবার মোট ১ হাজার ৩৯ জন মনোনয়নপত্র জমা দেন। বাছাইয়ে ঝরে পড়েন ৪৫ জন। আপিলের পরে প্রার্থিতা ফিরে পান কয়েকজন কাউন্সিলর প্রার্থী। এখন সব মিলিয়ে বৈধ প্রার্থী আছেন ১ হাজার ১৯ জন।
৩০ ডিসেম্বর ইভিএমে ভোট হবে ঢাকার দুই সিটিতে। সেই লক্ষে ১০ জানুয়ারি থেকে শুরু হবে প্রচার। নিয়ম অনুযায়ী ভোটের ৩২ ঘণ্টা আগে প্রচার শেষ করতে হবে।
