২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘ধর্ষণকারী’ মজনুকে নিয়েছে ডিবি

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার মজনুকে গোয়েন্দা পুলিশের হাতে তুলে দিয়েছে র‌্যাব।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jan 2020, 11:49 PM

Updated : 08 Apr 2022, 12:11 AM

বুধবার মজনুকে পেয়ে গোয়েন্দা পুলিশ (ডিবি) জানিয়েছে, জিজ্ঞাসাবাদের জন্য তাকে হেফাজতে চেয়ে বৃহস্পতিবার আদালতে পাঠানো হবে।

মজনুর সঙ্গে গ্রেপ্তার অরুণা ও খায়রুলকেও ডিবির কাছে হস্তান্তর করেছে র‌্যাব।

গত ৫ জানুয়ারি কুর্মিটোলায় বিমানবন্দর সড়কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওই শিক্ষার্থী ধর্ষিত হওয়ার পর ব্যাপক ক্ষোভ-বিক্ষোভের মধ্যে অপরাধীকে ধরতে অভিযানে নামে আইনশৃঙ্খলা বাহিনী।

ধর্ষিতের কাছ থেকে পাওয়া আক্রমণকারীর বর্ণনা ধরে অভিযান চালিয়ে বুধবার ভোর পৌনে ৫টায় শেওড়া রেল ক্রসিং এলাকা থেকে মজনুকে গ্রেপ্তারের কথা জানায় র‌্যাব।

ধর্ষিতের মোবাইল ফোনের সূত্র ধরে অভিযান চালায় র‌্যাব, যে মোবাইলটি মজনু নিয়ে গিয়ে বিক্রি করেছিল অরুণার কাছে, আবার অরুণার কাছ থেকে তা কিনেছিলেন রিকশাচালক খায়রুল।

বুধবার দুপুরে সংবাদ সম্মেলন করে অভিযানের বিস্তারিত তুলে ধরার পর সন্ধ্যায় মজনুসহ তিনজনকে গোয়েন্দা পুলিশে হস্তান্তর করা হয় বলে র‌্যাব-১ এর অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল শাফী উল্লাহ বুলবুল জানান।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “(ধর্ষণের ঘটনায় দায়ের করা) মামলাটি বর্তমানে গোয়েন্দা পুলিশ তদন্ত করছে। তারাই (গোয়েন্দা পুলিশ) এখন পরবর্তী কার্যক্রম করবেন।”

ধর্ষিত তরুণীর বাবা ঘটনার পরদিনই ক্যান্টনমেন্ট থানায় মামলা করেন। পরে তা তদন্তের দায়িত্ব দেওয়া হয় ডিবিকে।

গোয়েন্দা পুলিশের উপকমিশনার মশিউর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বুধবার রাতে তারা মজনুসহ তিনজনকে র‌্যাবের কাছ থেকে বুঝে পেয়েছেন।

“আগামীকাল (বৃহস্পতিবার) তাদের আদালতে পাঠিয়ে রিমান্ডের আবেদন করা হবে,” বলেন তিনি।