২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভোটার দিবস ও তালিকা প্রকাশসূচিতে পরিবর্তনের প্রস্তাব অনুমোদন

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সময়সূচি নির্ধারণের সময় এক মাস বাড়িয়ে আইন সংশোধনের প্রস্তাবে সায় দিয়েছে মন্ত্রিসভা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jan 2020, 06:08 PM

Updated : 18 Aug 2022, 02:17 PM

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে বুধবার তার কার্যালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে ‘ভোটার তালিকা (সংশোধন) আইন, ২০১৯’ এর খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়।

সভা শেষে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সচিবালয়ে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের বলেন, কম্পিউটারের ডাটাবেইজে সংরক্ষিত বিদ্যমান সব ভোটার তালিকা প্রতি বছর ২ থেকে ৩১ জানুয়ারির মধ্যে হালনাগাদের বিধান রয়েছে।

“২ থেকে ৩১ জানুয়ারির মধ্যে এটা হালনাগাদ করা খুবই কষ্টসাধ্য হওয়ায় সেটাকে বাড়িয়ে ২ জানুয়ারি ১ মার্চ করার প্রস্তাব করা হলে মন্ত্রিসভা তা অনুমোদন করে।”

এছাড়া ২ মার্চকে জাতীয় ভোটার দিবস হিসেবে গ্রহণে মন্ত্রিসভা নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব।

তিনি বলেন, আইন মন্ত্রণালয়ের মতামত নিয়ে সংশোধিত আইনটি পাস করতে সংসদে পাঠানো হবে, এটি আর মন্ত্রিসভার আনার প্রয়োজন নেই।

বিদ্যমান ভোটার তালিকা আইনে বলা ছিল, প্রতিবছর ২ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারি সময়ের মধ্যে নির্ধারিত পদ্ধতিতে হালনাগাদ করা হবে। তবে শর্ত থাকে যে, যদি ভোটার তালিকা এভাবে হালনাগাদ করা না হয় তাহলে এর বৈধতা বা ধারাবাহিকতা ক্ষুণ্ন হবে না।

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সময়সূচি নির্ধারণের বিষয়ে আইন সংশোধনের উদ্যোগ নেয় নির্বাচন কমিশন। আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ এই আইনটি সংশোধনের প্রস্তাব মন্ত্রিসভায় পাঠায়।

পুরনো খবর:

হালনাগাদ ভোটার তালিকার খসড়া প্রকাশ ২০ জানুয়ারি
১ মার্চ জাতীয় ভোটার দিবস