২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছাত্রী ধর্ষণ: চলছে চার শিক্ষার্থীর অনশন, প্রতিবাদ আল্পনাতেও

ছাত্রী ধর্ষণের প্রতিবাদে চার দাবি নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে অনশন চালিয়ে যাচ্ছেন চার শিক্ষার্থী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jan 2020, 01:14 PM

Updated : 10 Oct 2022, 06:53 PM

ধর্ষণের খবর পাওয়ার পরপরই রোববার রাত সাড়ে তিনটা থেকে অনশনে বসেন দর্শন বিভাগের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের ছাত্র মো. সিফাতুল ইসলাম। তিনি বিশ্ববিদ্যালয়ের মাস্টারদা সূর্যসেন হলের আবাসিক শিক্ষার্থী।

পরদিন ধর্ষণের প্রতিবাদে ক্যাম্পাস উত্তাল হয়ে ওঠার মধ্যে সিফাতের সঙ্গে আরও তিন শিক্ষার্থী অনশনে যোগ দেন; তাদের সেই কর্মসূচি মঙ্গলবারও অব্যাহত রয়েছে।

অনশনে থাকা অন্য তিনজন হলেন মৃত্তিকা-পানি ও পরিবেশ বিজ্ঞানের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের ছাত্র মো. সাইফুল ইসলাম রাসেল, তথ্য ও প্রযুক্তি ইনস্টিউটের একই বর্ষের ছাত্র মোস্তাফিজুর রহমান নাফিজ এবং ইতিহাস বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের ছাত্র মো. আব্দুর রহমান।

সিফাতুল ইসলাম বলেন, “বিচারহীনতার সংস্কৃতি এবং বিচার ব্যবস্থার দীর্ঘসূত্রতাই বারবার ধর্ষণের কারণ। ধর্ষণের যদি উপযুক্ত বিচার হতো তাহলে বারবার এতো ধর্ষণ হতো না। একমাত্র কঠোর শাস্তিই পারে ধর্ষণকে রোধ করতে। এছাড়া ধর্ষকদের সামাজিকভাবে বয়কট করতে না পারাও ধর্ষণের অন্যতম কারণ।”

অনশনে তারা যেসব দাবির প্ল্যাকার্ড নিয়ে বসেছেন সেগুলো হল- অবিলম্বে ধর্ষককে গ্রেফতার করে আইনের আওতায় আনা; সংশ্লিষ্ট ঘটনায় সুষ্ঠু বিচার নিশ্চিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অভিভাবকের ভূমিকা পালন করা; ধর্ষণের বিরুদ্ধ সামাজিক আন্দোলন গড়ে তুলতে সরকারি-বেসরকারি উদ্যোগ এবং দ্রুত ট্রাইবুনালের মাধ্যমে ধর্ষকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর করা।

এদিকে রাজু ভাস্কর্যে অনশনরত শিক্ষার্থীদের মঙ্গলবার সকালে দেখে আসেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) মোহাম্মদ সামাদ। তিনি শিক্ষার্থীদের পাশে থাকারও আশ্বাস দেন।

বিচারের দাবিতে আলপনা

ছাত্রীর ধর্ষণে জড়িতদের বিচারের দাবিতে প্রতিবাদী ঢাকা বিশ্ববিদ্যালয়ে আলপনা আঁকছেন শিক্ষার্থীরা। চারুকলাসহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা রঙ-তুলিতে প্রতিবাদের ভাষা তুলে ধরছেন। রাজু ভাস্কর্য থেকে রোকেয়া হলের গেট পর্যন্ত এই প্রতিবাদী আলপনা আঁকা হবে।

এছাড়া সাধারণ শিক্ষার্থীরা আলাদাভাবে প্ল্যাকার্ড নিয়ে প্রতিবাদে দাঁড়িয়েছেন। সকালে রাজু ভাস্কর্যের পাশে প্রতিবাদ জানান শতাধিক শিক্ষার্থী। পরে রোকেয়া হলের সামনেও সাধারণ শিক্ষার্থীরা জড়ো হন।