উত্তরে বইছে মৃদু শৈত্যপ্রবাহ
দুই দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টির পর রাজশাহী, পাবনা, কুড়িগ্রাম, যশোর, চুয়াডাঙ্গা জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ।
সোমবার সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহীতে ৮.৮ ডিগ্রি সেলসিয়াস। আর ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩.৫ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়াবিদ আফতাব উদ্দিন সোমবার সকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বৃষ্টির পর তাপমাত্রা কমতে থাকায় এ শৈত্যপ্রবাহ। আগামী ২৪ ঘণ্টা এটা অব্যহাত থাকবে, বিস্তারও বাড়বে।”
সোমবারের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে, সারা দেশে মোটামুটি শুষ্ক আবহাওয়া বিরাজ করতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও মা”ঝারি থেকে ঘন কুয়াশা থাকতে পারে।
আবহাওয়া অফিস বলছে, চলতি জানুয়ারি মাসে সারা দেশে তিনটি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। প্রথম দফায় সোমবার থেকে একটি শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার পর মাসের মাঝামাঝি সময়ে মাঝারি মাত্রার একটি এবং মাসের শেষ সপ্তাহে একটি তীব্র শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে দেশের বিভিন্ন এলাকায়।
সর্বনিম্ন তাপমাত্রা ৬ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে গেলে তাকে তীব্র শৈত্যপ্রবাহ হিসেবে ধরা হয়। আর তাপমাত্রা ৬-৮ ডিগ্রির মধ্যে থাকলে মাঝারি এবং তাপমাত্রা ৮-১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলে তাকে মৃদু শৈত্যপ্রবাহ বলে।
