১ বছরে ২৯ ট্রাভেল এজেন্সির লাইসেন্স বাতিল
দুর্নীতি-অনিয়মের অভিযোগে গত বছর ২৯ ট্রাভেল এজেন্সির লাইসেন্স বাতিল হয়েছে।
হজ কার্যক্রমে দুর্নীতি ও অনিয়ম, হজযাত্রীদের থেকে বেশি বিমান ভাড়া আদায় এবং অপ্রয়োজনীয় টিকিং বুকিং দেওয়ায় ই পদক্ষেপ নেয় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়।
রোববার বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকের কার্যপত্র এ তথ্য পাওয়া যায়।
কমিটির সভাপতি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীর সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত এই বৈঠকে কমিটির সদস্য বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, তানভীর ইমাম ও সৈয়দা রুবিনা আক্তার অংশ নেন।
২৯টি ট্রাভেল এজেন্সির লাইসেন্স বাতিলের তথ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে সংসদীয় কমিটিকে জানানো হয়।
ধর্ম মন্ত্রণালয়ের অভিযোগের ভিত্তিতে দুর্নীতির দায়ে বাতিল হয়েছে ১৬টি এজেন্সির লাইসেন্স। সেগুলো হলো- কুমিল্লার হাবির এয়ার ট্রাভেলস অ্যান্ড ট্যুরস, ফেনীর কাজী ট্রাভেলস অ্যান্ড ট্যুরস, ঢাকার সারা এয়ার ইন্টারন্যাশনাল, আল মুজদালিফা এভিয়েশন, কে আলম ট্রাভেলস অ্যান্ড ট্যুরস, ট্রাইটন ওভারসীজ, সিয়াম ওভারসীজ, সুবহা ইন্টারন্যাশনাল, সৌদি বাংলা এয়ার সার্ভিস লিমিটেড, আল ফাইন ট্যুরস অ্যান্ড ট্রাভেলস, মাহির হজ সার্ভিস অ্যান্ড ট্যুরস, আবাবিল ট্রাভেলস অ্যান্ড ট্যুরস, সুপার খিদমাহ ট্রাভেলস্ অ্যান্ড ট্যুরস, চট্টগ্রামের মামুন ট্রাভেলস্ লিমিটেড, আল সাফা এয়ার ট্রাভেলস্ ও আল হারামাইন ট্রাভেলস।
অপ্রয়োজনীয় বুকিং এবং তা বাতিলের মাধ্যমে প্রতারণায় ৮টি ট্রাভেল এজেন্সির লাইসেন্স বাতিল হয়। এগুলো হলো- ঢাকার মাদারল্যান্ড ট্যুরস অ্যান্ড ট্রাভেলস্, সামস এয়ার ট্যুরস অ্যান্ড ট্রাভেলস্, মুনা ট্রাভেলস্ অ্যান্ড ট্যুরস, ট্রাভেল সেন্টার, চট্টগ্রামের চৌধুরী ইন্টারন্যাশনাল, ঊর্মি ট্রাভেলস্ এজেন্সি ও দারুল ইমান ইন্টারন্যাশনাল ও ফেনীর বিপ্লব ইন্টারন্যাশনাল।
সংসদীয় কমিটির বৈঠকে উপস্থাপিত প্রতিবেদনে বলা হয়েছে, যেসব এজেন্সির লাইসেন্স বাতিল করা হয়েছে তারা পরে লাইসেন্স ফিরে পেতে আপিল করেছিলেন। তবে ২০ এজেন্সির আপিল আবেদন মঞ্জুর করেনি মন্ত্রণালয়। বাকি চারটি এজেন্সির আপিল আবেদন এখনও নিষ্পত্তি হয়নি।
এই বৈঠক নিয়ে সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর ও হাতিয়ায় ছোট রেস্ট হাউস নির্মাণসহ পর্যটন কেন্দ্র গড়ে তোলা, কক্সবাজারের সমুদ্র সৈকত পরিচ্ছন্ন রাখার ব্যাপারে ব্যক্তি মালিকানার উদ্যোগে পেশ করা প্রস্তাব পরীক্ষা-নিরীক্ষা করে কার্যকর পদক্ষেপ গ্রহণের বিষয়ে আলোচনা হয়।
বৈঠকে জানানো হয়, নোয়াখালীর হাতিয়া ও নিঝুম দ্বীপে ৪৯.৬১ কোটি টাকা ব্যয়ে পর্যটকদের জন্য রেস্তোরাঁ, কটেজ, ক্রুজ ভেসেল সংগ্রহসহ পর্যটন সুবিধা সৃষ্টির জন্য প্রকল্প গ্রহণ করা হয়েছে।
