নির্বাচনী ইশতেহারে ভাড়াটিয়াদের দাবি পূরণের প্রতিশ্রুতি চেয়ে মানববন্ধন
ঢাকার দুই সিটি করপোরেশনের মেয়র প্রার্থীদের নির্বাচনী ইশতেহারে ভাড়াটিয়াদের নাগরিক অধিকার নিশ্চিতে পদক্ষেপ গ্রহণের অঙ্গীকার অন্তর্ভুক্তির দাবিতে মানববন্ধন হয়েছে।
শনিবার ভাড়াটিয়া পরিষদের উদ্যোগে জাতীয় প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধনে আগামী সব নির্বাচনে প্রার্থীদের ইশতেহারে ঢাকা শহরে বসবাসরত ভাড়াটিয়াদের পাঁচটি দাবি অন্তর্ভুক্তির আহ্বান জানানো হয়।
এগুলো হল-
>ঢাকা সিটি কর্পোরেশন কর্তৃক নির্ধারিত বাড়ি ভাড়া কার্যকর করতে হবে।
>বাড়ি ভাড়া নিয়ন্ত্রণ আইন ১৯৯১ কার্যকরে প্রয়োজনীয় উদ্যোগ নিতে হবে।
>অযৌক্তিক বাড়ি ভাড়া বৃদ্ধি বন্ধ করতে হবে।
>ইচ্ছামত বাড়ি ভাড়ার অগ্রিম নেওয়া বন্ধ করতে হবে।
এবং ভাড়াটিয়াদের সকল মৌলিক অধিকার নিশ্চিত করতে হবে।
মানববন্ধনে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র প্রার্থী বাহরানে সুলতান বাহার। এছাড়াও উপস্থিত ছিলেন জাগো বাংলাদেশের প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক ফরিদ খান, ভাড়াটিয়া পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক মো. মোস্তফা, কেন্দ্রীয় নেতা শামীম আহমেদ, সাংবাদিক মিলন মল্লিক, জামাল সিকদার, মাকসুদুর রহমান, ফয়সাল ইবনে কবিরসহ অন্যরা।
