সোনার বারসহ তিন বিমানকর্মী গ্রেপ্তার
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় সোয়া দুই কেজি ওজনের ২০টি সোনার বারসহ বাংলাদেশ বিমানের তিন পরিচ্ছন্নতাকর্মীকে গ্রেপ্তার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।
গ্রেপ্তাররা হলেন- সুমন শিকদার (৩৪), শাহিন হোসেন (২৭) ও বেলাল আকন (২৮)।
এদের মধ্যে সুমনের কাছে সোনার বারগুলো পাওয়া গেছে বলে এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার মো. আলমগীর হোসেন জানিয়েছেন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আবুধাবি থেকে চট্রগ্রাম হয়ে ঢাকায় আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে বিমানবন্দরে অবতরণ করে।
যাত্রীরা নেমে যাওয়ার পর বিমানের প্রকৌশল শাখার পরিচ্ছন্নতা কর্মীরা উড়োজাহাজে ঢোকেন। পরিচ্ছন্নতা শেষ করে বের হওয়ার পর সুমনের আচরণে সন্দেহ হলে এপিবিএন সদস্যরা তাকে তল্লাশি করতে চাইলে তিনি বাধা দিয়ে বাকবিতণ্ডায় লিপ্ত হন। এ সময় সুমনের পক্ষ নিয়ে শাহিন ও বেলালও এপিবিএন কর্মকর্তাদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন।
পরে তিনজনকেই এপিবিএন কার্যালয়ে এনে দেহ তল্লাশি করা হয় জানিয়ে আলমগীর হোসেন বলেন, “সুমনের জুতার ভেতরে বিশেষভাবে মোড়ানো অবস্থায় প্রতিটি ১১৬ গ্রাম ওজনের ২০টি সোনার বার পাওয়া যায়।”
এর আগেও এরা কৌশলে চারবার এভাবে সোনার বার বিমানবন্দরের বাইরে পাচারের কথা ‘স্বীকার করেছেন’ জানিয়ে তিনি বলেন, “মাত্র ২০ হাজার টাকার বিনিময়ে বেলাল এই কাজটি করেছে এবং কালাম নামে এক টেকনিশিয়ান বিমানের ভেতরে তাকে এই বারগুলো দিয়েছে বলে দাবি করেছে।”
কালামকে গ্রেপ্তারের জন্য তৎক্ষণাৎ চেষ্টা চালানো হলেও পরিস্থিতি বুঝে তিনি সটকে পড়েন বলে জানান পুলিশ কর্মকর্তা আলমগীর।
“বিমানবন্দরের বাইরে কার কাছে সে সোনার বারগুলো পৌঁছে দিতে চেয়েছিল, সে বিষয়ে স্পষ্ট করে কিছু বলেনি সুমন,” বলেন তিনি।
