বাণিজ্য মেলা থেকে ১২ ছিন্নমূল শিশু-কিশোরকে আটক
ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা থেকে ছিন্নমূল ১২ শিশু-কিশোরকে আটক করে গাজীপুরে কিশোর সংশোধনাগারে পাঠিয়েছে পুলিশ।
শনিবার দুপুরে এদের আটক করা হয় বলে শেরেবাংলা নগর থানার ওসি জানে আলম মুন্সি জানিয়েছেন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এসব শিশু-কিশোরদের নির্দিষ্ট কোনো ঠিকানা নেই, একেকজন একেক রকম ঠিকানা বলে। তারা বিভিন্ন নেশার সাথেও জড়িত।
“ভবঘুরে এসব শিশু-কিশোরেরা বাণিজ্য মেলায় আসা ক্রেতাদের নানাভাবে বিরক্ত করে থাকে। ছিঁচকে চুরি, পকেটমারসহ নানা অপরাধের সাথেও জড়িত। বাণিজ্য মেলায় আসা বিভিন্ন জনের কাছ থেকে অভিযোগ পাওয়ার পর এদের আটক করা হয়েছে।”
আদালতের অনুমতি নিয়ে বিকালে তাদের গাজীপুর কিশোর সংশোধনাগারে পাঠিয়ে দেওয়া হয়েছে বলেন তিনি।
