থরে থরে সবজিতে সাজানো মেলা
প্রবেশ মুখেই শীতের সবজির পসরা, ভেতরে দেখা মিলবে সবজি দিয়ে সাজানো ভ্যান, ভাসমান ক্ষেত আর ছাদ বাগানের ক্ষুদে মডেল।
কৃষি মন্ত্রণালয়ের আয়োজনে রাজধানীর খামারবাড়িতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চত্বর সেজে উঠেছে বৈচিত্র্যময় কৃষি আর ফসলের সমাহারে। মেলায় আগতদের আকর্ষণ বাড়াতে আবহমান বাংলার কৃষি সমাজের অনেক চিত্রও ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে এখানে।
শুক্রবার বিকেলে কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক ও পরিকল্পনা মন্ত্রী আব্দুল মান্নান জাতীয় সবজি মেলা-২০১৯ উদ্বোধন করে প্রদর্শনী ঘুরে দেখেন।
সবজির মেলার চতুর্থবারের এই আয়োজনে কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক বলেন, “প্রতিবছরই শাক-সবজি চাষের সর্বশেষ উদ্ভাবন নিয়ে এমন মেলার আয়োজন করা হয়ে থাকে।
“আমাদের বিজ্ঞানীরা এবং যারা সবজি নিয়ে কাজ করে তারা অনেকগুলো প্রযুক্তি নিয়ে এসেছে। ধীরে ধীরে এসব প্রযুক্তি ও গবেষণা আলোর মুখ দেখবে।”
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর প্রাঙ্গণের মেলায় পছন্দসই সবজি কিনতে পারছেন দর্শনার্থীরা।
ভাসমান সবজি চাষ পদ্ধতি উপস্থাপন করা হয়েছে সবজি মেলায়।
মেলায় আশা প্রকাশ করে কৃষিমন্ত্রী বলেন, “যে প্রযুক্তি আমাদের হাতে আছে সেগুলো ব্যবহার করা গেলে শুধু দেশের চাহিদা নয়, বিশ্ব বাজারেও সবজি রপ্তানি জোরদার হবে।”
“ইতোমধ্যেই কীটনাশকের বিকল্পে অনেকগুলো প্রযুক্তি উদ্ভাবন করা হয়েছে যেগুলোর মাধ্যমে নিরাপদ সবজি উৎপাদন করা সম্ভব।”
তিন দিনব্যাপী সবজি মেলা চলবে রোববার পর্যন্ত।
