বাংলা একাডেমিতে শনিবার শুরু পৌষ মেলা
বাঙালির কৃষ্টি, ঐতিহ্য, সংস্কৃতি, ক্ষুদ্র নৃগোষ্ঠীর বিভিন্ন ঐতিহ্যবাহী কারুশিল্প আর বাংলার বাহারি স্বাদের পিঠা নিয়ে রাজধানীতে শুরু হতে যাচ্ছে তিনদিন ব্যাপী পৌষ মেলা।
শনিবার সকাল ৮টায় বাংলা একাডেমির নজরুল চত্বরে মেলার উদ্বোধন করবেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ।
বৃহস্পতিবার দুপুরে নজরুল চত্বরে মেলা উদযাপন পরিষদ সংবাদ সম্মেলনে নানা তথ্য জানায়।
সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুসের সভাপতিত্বে এতে লিখিত বক্তব্যে পরিষদের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায়, “রাজধানীবাসীকে পৌষের আবহ এবং গ্রামীণ জনগোষ্ঠীর কৃষ্টি-সংস্কৃতির সাথে পরিচয় করিয়ে দিতে শুরু হচ্ছে তিনদিন ব্যাপী পৌষ মেলা।”
পিঠা আর লোকজ সামগ্রী নিয়ে মেলায় থাকবে ৫৪টি স্টল।
শনিবার সকাল ৮টায় আইলা জ্বালিয়ে উদ্বোধনী অনুষ্ঠান শুরু হবে। এরপর থাকবে যন্ত্রসংগীত বাদন।
উদ্বোধনী পর্বে সুকান্ত ভট্টাচার্যের 'প্রার্থী' কবিতাটি আবৃত্তি করবেন রফিকুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখবেন মেলা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায়।
উদ্বোধনী অনুষ্ঠানে মেলা উদযাপন পরিষদের সভাপতি গোলাম কুদ্দুসের সভাপতিত্বে পৌষ কথন পর্বে অংশ নেবেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি হাবীবুল্লাহ সিরাজী, বাংলাদেশ গণসংগীত সমন্বয় পরিষদের সভাপতি ফকির আলমগীর, পৌষ মেলা উদযাপন পরিষদের সহ-সভাপতি ঝুনা চৌধুরী এবং বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক আহকাম উল্লাহ।
আয়োজনে থাকবে সঙ্গীত, নৃত্য, আবৃত্তিসহ বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা।
মেলা প্রতিদিন সকাল ৮টা থেকে খোলা থাকবে রাত ৯টা পর্যন্ত।
