সাংসদ ইউনুস আলীর কফিনে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
সংসদ সদস্য ডা. ইউনুস আলী সরকারের কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রোববার সকালে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় গাইবান্ধার এই আওয়ামী লীগ নেতার প্রতি শ্রদ্ধা জানান তিনি।
পুষ্পস্তবক অর্পণের পর ডা. ইউনুস আলীর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন প্রধানমন্ত্রী।
পরে শেখ হাসিনা আওয়ামী লীগ প্রধান হিসেবে দলের জ্যেষ্ঠ নেতাদের নিয়ে ইউনুস আলীর কফিনে ফুল দেন।
গাইবান্ধা ৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসনের সংসদ সদস্য মো. ইউনুস আলী সরকার ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকালে মারা যান। তার বয়স হয়েছিল ৬৬ বছর।
প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের আগে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের পক্ষে তার সামরিক সচিব মরহুমের কফিনে পুষ্পস্তবক অর্পণ করেন।
জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়া এবং চিফ হুইপসহ হুইপরা ইউনুস আলীর কফিনে পুষ্পস্তবক অর্পণ করেন।
কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক, সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ, সাবেক প্রধান হুইপ আ স ম ফিরোজ, মাহবুবুল আলম হানিফ, মির্জা আজম, শামসুল হক টুকুসহ সাবেক ও বর্তমান সংসদ সদস্যরা জানাজায় অংশ নেন।
প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. নজিবুর রহমান, সংসদ সচিব জাফর আহমেদ খানসহ রাজনৈতিক দলের নেতা-কর্মী, সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীরাও জানাজায় অংশ নেন।
