নূরদের মামলার প্রত্যাহার দাবিতে ঢাবিতে পদযাত্রা
ডাকসুর ভিপি নুরুল হক নূর ও তার সঙ্গীদের বিরুদ্ধে দায়ের হওয়া মামলা প্রত্যাহারসহ চার দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ‘সন্ত্রাসবিরোধী গণপদযাত্রা’ করেছে সন্ত্রাসবিরোধী ছাত্র ঐক্য।
শনিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশ থেকে পদযাত্রাটি শুরু করেন ১২টি ছাত্র সংগঠনের সমন্বয়ে গঠিত এই মোর্চার নেতাকর্মীরা। পদযাত্রাটি বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে নীলক্ষেত যায়। সেখান থেকে কাটাবন হয়ে শাহবাগ মোড় প্রদক্ষিণ করে আবার রাজু ভাস্কর্যে এসে শেষ হয়।
দাবিগুলো হল- নূরসহ সব শিক্ষার্থীর ওপর হামলাকারীদের স্থায়ী বহিষ্কার ও আইনানুগ বিচার, ডাকসু ভবনে হামলা ঠেকাতে ব্যর্থতার দায়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের অপসারণ, ভিপি নূর ও তার সঙ্গীদের নামে মামলা প্রত্যাহার ও হামলায় আহতদের চিকিৎসার ব্যয়ভার প্রশাসনের বহন এবং ক্যাম্পাসে গণতান্ত্রিক পরিবেশ ও শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করাসহ হলে হলে দখলদারিত্ব ও গেস্টরুম-গণরুম নির্যাতন বন্ধ করা।
সমাবেশে ছাত্র ফেডারেশনের সভাপতি ফয়সাল মাহমুদ বলেন, “সারা দেশের ঘটনা আর বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি কোনোভাবে বিচ্ছিন্ন কিছু নয়। ন্যায্য অধিকার নিয়ে দাঁড়ালে ছাত্রলীগের নির্যাতনের শিকার হতে হয়। প্রশাসন কোনো হামলার বিচার করে না। আগামী দিনে তাই ছাত্রলীগের দখলদারিত্ব, প্রশাসনের স্বৈরাতান্ত্রিক মনোভাবের মোকাবেলা করবে এই সন্ত্রাসবিরোধী ছাত্রঐক্য।”
