২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘সরি’ বলে থানা থেকে ছাড়া পেলেন মাহী বি চৌধুরীর ছেলে

এক পুলিশ কর্মকর্তার সঙ্গে দুর্ব্যবহার করার পর ঢাকার বনানী থানায় নেওয়া হয়েছিল বিকল্প ধারার যুগ্ম মহাসচিব মাহী বি চৌধুরীর ছেলে আরাজ বি চৌধুরীকে; পরে ওই কর্মকর্তার কাছে দুঃখ প্রকাশ করে ছাড়া পান তিনি।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Dec 2019, 08:46 PM

Updated : 18 Aug 2022, 06:18 PM

বুধবার রাতে আরাজ গাড়ি নিয়ে বেরিয়ে বনানীতে একটি অটোরিকশাকে ধাক্কা দেওয়ার পর এই ঘটনা ঘটে।

আরাজের বাবা মাহী সংসদ সদস্য। তার দাদা এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি এবং বিকল্প ধারার সভাপতি।

পুলিশ কর্মকর্তারা জানান, বুধবার রাত ৯টার দিকে বনানী কবরস্থান এলাকায় একটি অটোরিকশাকে খয়েরি রঙের একটি গাড়ি ধাক্কা দেয়।

ওই গাড়িটি চালাচ্ছিলেন আরাজ। তখন ওই এলাকায় কর্তব্যরত ট্রাফিক সার্জেন্ট আলমগীর গাড়ি থেকে আরাজকে বের হতে বলেন। তখন তার সঙ্গে দুর্ব্যবহার করেন আরাজ।

এরপর পুলিশ সদস্যরা গাড়ি থেকে আরাজের পাশাপাশি তার এক বন্ধুকে বনানী থানায় নিয়ে যায়।

বনানী থানার ওসি নুরে আযম মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “থানায় পাঁচ মিনিট ছিলেন আরাজ। ট্রাফিক সার্জেন্টকে ‘সরি’ বলায় তাকে ছেড়ে দেওয়া হয়।”

ছেলেক নিতে থানায় মাহী বি চৌধুরী এসেছিলেন জানিয়ে ওসি বলেন, আরাজকে সার্জেন্ট মাফ করে দিয়েছেন।

তবে মাহী বি চৌধুরী দাবি করেছেন, আরাজ সড়কে কোনো দুর্ঘটনা ঘটায়নি।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সড়কে কোনো দুর্ঘটনা ঘটেনি। আমার ছেলের কাছে বিদেশি ড্রাইভিং লাইসেন্স ছিল। ওটা নিয়ে তর্ক হয়েছিল।”

তিনি বলেন, “আমি নিজে থানায় গিয়ে ছেলেকে বলেছি, বড়দের সঙ্গে খারাপ ব্যবহার করেছ কেন? সেজন্য তাকে দিয়ে ‘সরি’ বলিয়েছি।”