২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুস্থ হয়ে বাড়ি গেলেন কেরানীগঞ্জে দগ্ধ পাঁচজন

ঢাকার কেরানীগঞ্জে প্লাস্টিক সামগ্রী তৈরির কারখানায় আগুনে দগ্ধদের মধ্যে পাঁচজন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Dec 2019, 05:10 PM

Updated : 18 Aug 2022, 06:18 PM

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারির ইউনিটের অধ্যাপক বিধান সরকার বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

গত ১১ ডিসেম্বর বিকালে কেরানীগঞ্জের চুনকুটিয়া এলাকায় প্রাইম পেট অ্যান্ড প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় এ পর্যন্ত মোট ২২ জনের প্রাণ গেছে। আরও পাঁচজন হাসপাতালে চিকিৎসাধীন, যাদের মধ্যে দুজনকে রাখা হয়েছে লাইফ সাপোর্টে। 

ডা. বিধান সরকার জানান, ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটের এইচডিইউতে ভর্তি আট জনের মধ্যে পাঁচজনকে তারা ছাড়পত্র দিয়েছেন। বাকি তিনজনকে এইচডিইউ থেকে ওয়ার্ডে স্থানান্তর করা হচ্ছে।

দুই সপ্তাহ হাসপাতালে ভর্তি থাকার পর বাড়ি ফেরার অনুমতি পেয়েছেন আসলাম (২৯), সাজিদ (২৯), জাকির (২৪), বশির (১৯) ও লাল মিয়া (৪২)।

তবে সাখাওয়াত (২৬), জিসান (১৪) ও সিরাজকে আরও কিছুদিন হাসপাতালে থাকতে হবে। তাদের শারীরিক অবস্থাও ‘উন্নতির দিকে’
বলে জানিয়েছেন ডা. বিধান সরকার।

এছাড়া সোহাগ (২৫) ও ফিরোজকে (৩৯) শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। তাদের দুজনেরই শরীরের ৫০ শতাংশের বেশি পুড়েছে বলে বার্ন ইউনিটের সমন্বয়ক সামন্ত লাল সেন জানিয়েছেন।

পুরনো খবর:

কেরানীগঞ্জে দগ্ধ ১০ জন এখনও হাসপাতালে, ‘শঙ্কামুক্ত নয়’ কেউ