২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আইনশৃঙ্খলা বাহিনী মাদকে জড়ালে নির্মূল চ্যালেঞ্জিং: বেনজীর

আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মাদকের সঙ্গে জড়িয়ে পড়লে তা নির্মূল করাটা কঠিন হয়ে যায় বলে মন্তব্য করেছেন র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ।

জ্যেষ্ঠ প্রতিবেদক

কুয়াকাটা থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Dec 2019, 03:39 PM

Updated : 08 Apr 2022, 05:14 PM

মঙ্গলবার কুয়াকাটা সমুদ্র সৈকতে মাদকবিরোধী ম্যারাথান প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠানে তিনি বলেন, “আমি আমাদের দেশের সকল আইন শৃঙ্খলাবাহিনীকে বলব, মাদকের সঙ্গে যাতে কারও কোনো সংস্পর্শ না থাকে। কারণ যদি আমাদের নিজেদের মধ্যে এই সমস্যা থাকে, তাহলে এটা চ্যালেঞ্জিং হয়ে যায়।

“আমাদের আইন শৃঙ্খলাবাহিনীর উধ্বর্তন কর্মকর্তা বা যেকোনো পর্যায়ের কর্মকর্তা বা কর্মচারী প্রত্যেককে বলব, যাতে ওই বাহিনীর মধ্যে কেউ যেন মাদক সেবন না করে বা মাদক কারবারির সঙ্গে সম্পৃক্ততা না রাখে। এটা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে।”

র‌্যাবের উদ্যোগে কুয়াকাটা সমুদ্র সৈকতে ‘দৌড়াও’ স্লোগানে এই মাদকবিরোধী ম্যারাথন প্রতিযোগিতায় বিভিন্ন স্কুল-কলেজের হাজার খানেক শিক্ষার্থী অংশ নেন।

র‌্যাবের তথ্য অনুযায়ী, ২০১৮ সাল থেকে এ পর্যন্ত বাহিনীর মাদকবিরোধী অভিযানে গোলাগুলিতে ১৩০ জন নিহত হয়েছেন।

এ সময়ে গ্রেপ্তার হয়েছেন ৩২ হাজার ৭৪৬ জন, ইয়াবা উদ্ধার হয়েছে এক কোটি ৪০ লাখ, ৯৪ হাজার, ফেন্সিডিল উদ্ধার হয়েছে দুই লাখ, ৪১ হাজার বোতল এবং হেরোইন ৬৫ কেজি।

র‌্যাবের মহাপরিচালক বলেন, “শুধু অপারেশন করে মাদক বন্ধ করা যাবে না। চাহিদা বন্ধ করে, সামাজিক সচেতনতা বৃদ্ধি করে সমাজ থেকে মাদক নির্মূল সম্ভব।”

রোহিঙ্গা শরণার্থীদের ছোট একটি অংশ মাদক কারবারে জড়িত জানিয়ে বেনজীর আহমেদ বলেন, তারা সীমান্তের ওপার থেকে মাদক নিয়ে আসে।

ম্যারাথনে অংশ নেওয়া এক শিক্ষার্থী বলেন, বন্ধু নির্বাচন সঠিক হলে মাদক থেকে দূরে থাকা সম্ভব।

বরগুনা সরকারি কলেজের সহযোগী অধ্যাপক আহসান হাবিব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “১৬ বছর ধরে শিক্ষকতা করছি। এই অভিজ্ঞতা থেকে যেটা পেয়েছি- অনিয়মিত, পড়াশোনা ছেড়ে দেওয়ারাই মাদকের সঙ্গে জড়িয়ে পড়েছে। মিসগাইডেড হয়ে অনেকে জড়িয়েছে।”

তার কলেজ থেকে ২৩ জন শিক্ষার্থী ম্যারাথন প্রতিযোগিতায় অংশ নিয়েছে জানিয়ে এই শিক্ষক বলেন, তার কলেজ থেকে ডেঙ্গু, বাল্য বিবাহ, নিরাপতদ সড়ক, কিশোর গ্রুপ ইত্যাদি বিষয় নিয়ে সচেতনতামূলক অনুষ্ঠান করা হয়েছে।