জ্যেষ্ঠ সচিব হলেন ৭ কর্মকর্তা
প্রশাসনের সাতজন সচিবকে পদোন্নতি দিয়ে জ্যেষ্ঠ সচিব করেছে সরকার।
সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় এদের পদোন্নতি দিয়ে আদেশ জারি করেছে।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মো. মহিবুল হক, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব সাজ্জাদুল হাসান, পরিকল্পনা কমিশনের সদস্য (সচিব) শাহিন আহমেদ চৌধুরী এবং রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. মোফাজ্জেল হোসেনকে জ্যেষ্ঠ সচিব করেছে সরকার।
এছাড়া মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মো. রইছউল আলম মন্ডল, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব ফয়েজ আহম্মদ এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন জ্যেষ্ঠ সচিব হিসেবে পদোন্নতি পেয়েছেন।
জ্যেষ্ঠ সচিব হিসেবে পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের আগের দপ্তরেই পদায়ন করা হয়েছে।
এই সাত কর্মকর্তাকে নিয়ে জনপ্রশাসনে বর্তমানে জ্যেষ্ঠ সচিবের সংখ্যা দাঁড়িয়েছে ১৮ জন।
