২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রবাসে নারী নির্যাতন বন্ধে ত্রিপক্ষীয় বৈঠক চায় সংসদীয় কমিটি

প্রবাসে নারী শ্রমিকদের নির্যাতনের বিষয়ে ত্রিপক্ষীয় বৈঠক করতে চায় পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Dec 2019, 09:53 PM

Updated : 18 Aug 2022, 06:17 PM

বিষয়টি নিয়ে তারা স্বরাষ্ট্র এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সঙ্গে একটি যৌথ সভা করতে চায়।

রোববার কমিটির বৈঠকের পর সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ত্রিপক্ষীয় ওই বৈঠক আয়োজনের বিষয়ে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে আলোচনার সিদ্ধান্ত  হয়েছে।

বৈঠকে কমিটি পররাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় যৌথ বৈঠক করে প্রবাসী নারী গৃহকর্মী নির্যাতন থেকে রক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করেছে।

এদিকে কমিটির গত বৈঠকে প্রবাসে নারী শ্রমিকদের নির্যাতনের বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছিল বলে ওই বৈঠকের কার্যবিবরণী থেকে জানা গেছে।

ওই বৈঠকে কমিটির সভাপতি মুহম্মদ ফারুক খান বলেন, বিদেশে কর্মরত নারী শ্রমিকদের পাশাপাশি পুরুষ শ্রমিকও নির্যাতনের শিকার। তবে এই নির্যাতনের হার ২ থেকে ৩ শতাংশের বেশি নয়। অবশ্য সংখ্যায় যাই হোক না কেন কমিটির প্রবাসী শ্রমিকদের নির্যাতনের তথ্য পেলে সংশ্লিষ্ট গৃহকর্তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের পদক্ষেপ নিতে পররাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশনা দেন।

রোববারের বৈঠকে নেদারল্যান্ডসে অনুষ্ঠিত আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা সংক্রান্ত মামলার সর্বশেষ পরিস্থিতির বিষয়ে প্রতিবেদন উপস্থাপন করেছে মন্ত্রণালয়।

বৈঠকে রোহিঙ্গা ইস্যুতে আলোচনার জন্য আসিয়ানভূক্ত দেশ কম্বোডিয়া সফরে সহযোগিতার পাশাপাশি দ্রুততম সময়ে ইন্দোনেশিয়া সফরের বিষয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণের সুপারিশ করে।

কমিটি যেসব বৈদেশিক মিশনে হাতে লেখা ভিসা ইস্যু করা হচ্ছে জেনে উদ্বেগ প্রকাশ করে তা দ্রুত সমাধানের সুপারিশ করে।

ফারুক খানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন, প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম,  নুরুল ইসলাম নাহিদ, গোলাম ফারুক খন্দকার প্রিন্স, নাহিম রাজ্জাক ও কাজী নাবিল আহমেদ অংশ নেন।