এইডিস নিধনের কর্মপরিকল্পনা প্রণয়নে কমিটি হচ্ছে
ডেঙ্গুর জীবাণুবাহী এইডিস মশা নিধনের ব্যবস্থাপনা উন্নয়ন ও কর্মপরিকল্পনা প্রণয়নে একটি কমিটি করা হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম।
রোববার সচিবালয়ে মশা ও ক্ষতিকর কীট-পতঙ্গের বিস্তার রোধে সমন্বিত ব্যবস্থাপনা বিষয়ক বৈঠকে এ কথা জানান মন্ত্রী।
এ বছর ডেঙ্গুর ব্যাপকতার বিষয়টি ভাবনায় নিয়ে আগামী বছর যাতে এর প্রভাব না থাকে, সেজন্য কিভাবে কাজ করা হবে সেটাই মূল উদ্দেশ্য জানিয়ে তাজুল ইসলাম বলেন, “সভায় ম্যানেজমেন্ট ডেভেলপমেন্ট করার জন্য একটি কমিটি করতে যাচ্ছি।
“সে লক্ষ্যে আমাদের স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিবকে (নগর উন্নয়ন) আহ্বায়ক করে এর সঙ্গে ঢাকা সিটি কর্পোরেশন, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের কীটতত্ত্ববিদ, স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য অধিদপ্তরসহ বিশেষজ্ঞদের নিয়ে কমিটি করা হবে।
মন্ত্রী আরও বলেন, “এ কমিটি একটি ম্যানেজমেন্ট সিস্টেম কিভাবে উন্নত করা যায়, কি করে সারা বাংলাদেশে মশক নিধন বা ক্ষতিকর কীট-পতঙ্গ থেকে রক্ষা করা যায়, এজন্য একটি ব্যবস্থাপনা গড়ে তোলার পরামর্শ দেবে। কমিটি আগামী এক মাসের মধ্যে একটি প্রতিবেদন দেবে।”
এ বছর ডেঙ্গুর জীবাণু বাহক এইডিস মশার বিস্তার ঘটেছে দেশের প্রায় সব এলাকায়। ডেঙ্গুর প্রাদুর্ভাব ডিসেম্বরে এসেও শেষ হয়নি।এ কারণে এখন থেকে ডেঙ্গু সারাবছরই কমবেশি থাকবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
আগে এইডিস মশার বিচরণ শহর এলাকাতেই বেশি ছিল। এখন গ্রামাঞ্চলেও ছড়িয়ে পড়ায় আরও সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। সেই সঙ্গে বিপদ এড়াতে দেশজুড়ে সারা বছর মশক নিধন কার্যক্রম চালানোর তাগিদ দিয়েছেন তারা ।
মালয়েশিয়া, ভিয়েতনাম, সিঙ্গাপুরসহ অন্যান্য দেশেও ডেঙ্গু হয় এবং সে তুলনায় বাংলাদেশে তুলনামূলক কম জানিয়ে মন্ত্রী বলেন, “আমাদের ওষুধ লাগবে কিন্তু স্ব স্ব প্রতিষ্ঠানকে তাদের নিজস্ব ওষুধ কিনতে হবে। টেন্ডারের উপর ভরসা না করে স্ব স্ব প্রতিষ্ঠানকে অনুমতি দিতে হবে এবং আমদানি প্রক্রিয়া সহজ করতে হবে।
“এ খাতে সমন্বিত পদ্ধতি আনতে হবে এবং সহজতর করতে হবে। বাসা বাড়িসহ বিভিন্ন প্রতিষ্ঠান তাদের নিজেদের নিরাপত্তার জন্য ওষুধ সরবরাহ করবে। শুধু সিটি কর্পোরেশনের জন্য বসে থাকলে হবে না। যার যার ঘরে নিজেরা নিরাপত্তা দেবে।”
কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র নূরুল হক সাক্কু, সিলেটের মেয়র আরিফুল হক চৌধুরী, ঢাকার দুই সিটি কর্পোরেশনের প্রতিনিধি, কীটতত্ত্ববিদসহ মন্ত্রণালয়ের কর্মকর্তারা বৈঠকে অংশ নেন।
