২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শহীদ পরিবারের বাড়ি দখল, দুইজনের বিরুদ্ধে মামলা

পুরান ঢাকায় এক শহীদ পরিবারকে দেওয়া সরকারি বাড়ি ভুয়া দলিল করে দখলের অভিযোগে দুইজনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Dec 2019, 03:47 PM

Updated : 18 Aug 2022, 06:17 PM

রোববার কমিশনের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ এ দুদকের উপ-পরিচালক মো. সালাহউদ্দিন বাদী হয়ে এই মামলা করেন বলে সংস্থাটির জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য জানিয়েছেন।

আসামিরা হলেন- নবাবপুর রোডের শেখ মো. জাবেদ উদ্দিন ও মিরাজ মো. জাকির উদ্দিন।

মামলায় বলা হয়েছে, আসামিরা জালিয়াতির মাধ্যমে ভুয়া দলিল করে নবাবপুর রোডের ২২১ নম্বরের তিনতলা ভবনসহ জমি অবৈধভাবে দখল করেন। পরে ওই ভবন ভেঙ্গে বেইজমেন্টও তৈরি করেছেন তারা।

এজাহারে বলা হয়েছে, আসামিরা জনৈক তপন কুমার বসাকের নামে জাল রেকর্ডপত্র তৈরি করে সেসব আসল হিসেবে বিভিন্ন সরকারি দপ্তরে দাখিল করে শহীদ পরিবার প্রায় সাত শতাংশ জমি (যার বর্তমান মূল্য দুই কোটি তিন লাখ টাকার বেশি) দখল করেন।

এ অপরাধে তাদের বিরুদ্ধে দণ্ডবিধির ৪২০/৪৬৭/৪৬৮/৪৭১/৪৭৭(ক)/১০৯ ধারায় অভিযোগ আনা হয়েছে মামলায়।

মামলায় বলা হয়, স্বাধীনতার পর শহীদ পরিবারের সদস্য এ কে এম শামসুল হক খানের মা মাসুদা খানমকে জমিটি লিজ দেওয়া হয় সরকার থেকে। জমিটি তার ভোগ দখলে থাকার সময়ই আসামি শেখ মো. জাবেদ উদ্দিন ও তার সহযোগীরা জালিয়াতির মাধ্যমে ১৯৬৭ সালের ভুয়া দলিল তৈরি করেন।

ভুয়া দলিলের গ্রহীতা ননী গোপাল বসাকের মৃত্যুর পর তার ছেলে তপন কুমার বসাক ওই সম্পত্তির মালিক, এই মর্মে আসামিরা দাবি করেন। তাছাড়া তপন কুমার বসাককে বাদী বানিয়ে ২০১৪ সালে আদালতে অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইনে মামলাও করান জাবেদ। ভুয়া দলিলে মামলাটি দায়ের হয় বলে আদালতে প্রমাণও হয়।

বিভিন্ন তথ্য পর্যালোচনার বরাত দিয়ে এজাহারে বলা হয়, “মূল সুবিধাভোগী আসামি শেখ মো. জাবেদ উদ্দিন একটি সংঘবদ্ধ প্রতারক ও সরকারি ভূমি দখলকারী চক্রের মূল হোতা। তিনি জালিয়াতি ও প্রতারণার মাধ্যমে জাল দলিল তৈরি করে সংঘবদ্ধ চক্রের অন্য সদস্য আসামি মিরাজ মো. জাকির উদ্দিনের সহযোগিতায় তপন কুমার বসাক নাম ব্যবহার করে জাল দলিল খাঁটি হিসেবে বিভিন্ন সরকারি দপ্তরে দাখিল করে ওই জমি পূর্ব পরিকল্পনায় দখল করেন।”