পরিচ্ছন্নতা যন্ত্রপাতি কিনতে সুপারিশ কমিটি
দেশের মহানগরীগুলোকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে কী কী যন্ত্রপাতি কেনা যায় সেবিষয়ে পরামর্শ দিতে একটি কমিটি গঠন করেছে সরকার।
সচিবালয়ে বৃহস্পতিবার ধুলাবালিমুক্ত ও পরিচ্ছন্ন ঢাকা মহানগরী গড়া নিয়ে এক আন্তঃমন্ত্রণালয় সভা শেষে স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম এই কমিটি করে দেন।
সভা শেষে তিনি সাংবাদিকদের বলেন, সুইপিং মেশিনসহ বিভিন্ন যন্ত্রপাতিসহ সিটি করপোরেশনগুলোকে পরিষ্কার রাখার জন্য দরকারি ‘লজিস্টিক সাপোর্ট’ বিষয়ে এই কমিটি সুপারিশ করবে।
“আমাদের চেয়ে এগিয়ে থাকা দেশগুলো কী কী পদ্ধতিতে কাজ করে কমিটি সে তথ্যগুলো নিয়ে ওয়ার্কআউট করে বের করবেন সেখানে কী কী যন্ত্রপাতি লাগবে, কী কী লোকবল লাগবে- এসব বিষয়ে সুপারিশ করবে।”
স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিবের (নগর উন্নয়ন) নেতৃত্বে এ কমিটিতে ঢাকা উত্তর ও দক্ষিণ, গাজীপুর এবং নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের একজন করে প্রতিনিধি; সড়ক ও মহাসড়ক বিভাগ, পরিবেশ ও বন মন্ত্রণালয়, রাজউক, অর্থ মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে একজন করে প্রতিনিধি সদস্য থাকবেন।
এই কমিটি দেশি-বিদেশি পরামর্শক প্রতিষ্ঠানের সহায়তা নিয়ে দ্রুত শহরকে ধুলাবালি ও আবর্জনামুক্ত করার বিষয়ে এক সপ্তাহের মধ্যে প্রতিবেদন জমা দেবে বলে স্থানীয় সরকারমন্ত্রী জানান।
স্থানীয় সরকার বিভাগের সচিব হেলালুদ্দীন আহমদ বলেন, “রাজউকের যেসব নতুন ভবন হচ্ছে সেগুলো থেকে যাতে ধুলোবালি সৃষ্টি না হয় সেই বিষয়ে আমরা নির্দেশনা দিতে পারি। মেট্রোরেল প্রকল্পের কর্তৃপক্ষকে আমরা অনুরোধ করব সেখানে যাতে ধুলাবালি না হয়।”
ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম, গাজীপুর সিটি করপোরেশনের মেয়র মোহাম্মাদ জাহাঙ্গীর আলম ছাড়াও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এবং বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিনিধিরা সভায় উপস্থিত ছিলেন।
