পার্বত্য ভূমি সমস্যার দ্রুত সমাধান চান গওহর রিজভী
পার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়নের জন্য যত দ্রুত সম্ভব পার্বত্য ভূমি সমস্যা সমাধানের পক্ষে মত দিয়েছেন প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা গওহর রিজভী।
বৃহস্পতিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে 'পার্বত্য চট্টগ্রাম চুক্তি: প্রেক্ষাপট ও বাস্তবায়ন’ শীর্ষক এক গোলটেবিল আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “পার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়নের পথে আমরা অনেকটা এগিয়ে গিয়েছি। তবে সমস্যা কিছু রয়ে গেছে।
“এখন যে প্রবলেম... সবচেয়ে ইম্পরট্যান্ট হল অতি দ্রুত পার্বত্য চট্টগ্রামের ভূমি সমস্যার সমাধান করতে হবে। এ মুহূর্তে ১০টি পরিবারকে সাপোর্ট দিতে পারলেও তাই দিতে হবে।”
একজন অবসরপ্রাপ্ত বিচারপতির সমন্বয়ে বর্তমানে ষষ্ঠ পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন কার্যকর আছে।
পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন বিধিমালা ২০১৯ - এর খসড়া চূড়ান্ত করা হয়েছে। কিছুদিনের মধ্যেই তা মন্ত্রিসভায় উত্থাপিত হবে বলে জানান গওহর রিজভী।
আলোচনায় অংশ নিয়ে বান্দরবান জেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম জাহাঙ্গীর বলেন, “পার্বত্য জেলাগুলোর ৩২ শতাংশ ক্ষুদ্র নৃগোষ্ঠী মানুষের জমি নেই। জমির দলিল দাখিল, দখল নিশ্চিৎ করে তাদের মালিকানা বুঝিয়ে দিতে হবে। ভূমি সমস্যার সমাধান হলে পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়িত হবে।”
পার্বত্য জেলা ও উপজেলা পরিষদের চেয়ারম্যানরা অভিযোগ করেন, জেলা ও উপজেলা প্রশাসনের সঙ্গে তাদের কাজের সমন্বয়ের অভাব রয়েছে।
পাহাড়ে বিভিন্ন গোষ্ঠীর অন্তর্দ্বন্দ্বের বিষয়টিও উঠে আসে এ আলোচনায়। তাতে অবৈধ অস্ত্রের মজুদ ও পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন জেলা ও উপজেলা পরিষদ নেতারা।
দীঘিনালা উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. কাশেম বলেন, “পাহাড়ের অবৈধ অস্ত্রগুলো হচ্ছে পাহাড়ে শান্তিচুক্তির জন্য বড় বাধা। পাহাড়ে বেকারত্বের সুযোগ নিয়ে সন্ত্রাসীরা তরুণদের ব্যবহার করছে।”
অভ্যন্তরীণ শরণার্থী বিষয়ক টাস্ক ফোর্সের চেয়ারম্যান ও খাগড়াছড়ির সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরা বলেন, “উপজাতি জনগোষ্ঠীর পাশাপাশি পাহাড়ে গিয়ে বসতি স্থাপন করা বাঙালিদেরও পুনর্বাসন করতে হবে। নয়তো বিরাজমান পরিস্থিতিতে বিষয়টি সাংঘর্ষিক থেকে যাবে।”
পার্বত্য শান্তিচুক্তির যে ধারাগুলো অলিখিত, তা নিয়ে এখন পাহাড়ি ও বাঙালির ‘অবিশ্বাসের কারণ হয়ে দাঁড়িয়েছে’ বলেও অভিযোগ করেন তিনি। পার্বত্য জেলা পরিষদে ভোটগ্রহণ অনুষ্ঠানে নতুন করে ভোটার তালিকা প্রণয়নের বিরোধিতাও করেন তিনি।
কুজেন্দ্র লাল বলেন, “বিদ্যমান ভোটার তালিকায় যদি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে, তবে জেলা পরিষদ নির্বাচন তাতে হবে না কেন?”
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের এ আয়োজনে জানানো হয়, শান্তিচুক্তির ৭২টি অনুচ্ছেদের মধ্যে ৪৮টি বাস্তবায়িত হয়েছে। আংশিক বাস্তবায়িত হচ্ছে ১৫টি, বাস্তবায়নাধীন রয়েছে নয়টি অনুচ্ছেদ।
২০১৮-১৯ অর্থবছরে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অনুকূলে উন্নয়ন বাজেটে বরাদ্দ ছিল এক হাজার ১৭ কোটি টাকা।
২০০৮-০৯ অর্থবছর থেকে এ পর্যন্ত পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক প্রায় ছয় হাজার কোটি টাকার উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে।
গোলটেবিল আলোচনায় সভাপতিত্ব করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈশিং। আলোচনায় যোগ দিয়েছিলেন রাঙামাটির সংসদ সদস্য দীপংকর তালুকদার।
