২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কেরানীগঞ্জের আগুনে মৃতের তালিকা আরও দীর্ঘ হল

ঢাকার কেরানীগঞ্জে প্লাস্টিক সামগ্রী তৈরির কারখানায় আগুনে দগ্ধ আরও একজনের মৃত্যু হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Dec 2019, 05:12 PM

Updated : 10 Oct 2022, 09:48 PM

পুরনো খবর:

কেরানীগঞ্জে দগ্ধ সোহানও বাঁচলো না

মফিজুল ইসলাম নামের ৪৫ বছর বয়সী ওই ব্যক্তি ঢাকার শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। বুধবার রাতে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক পার্থ শংকর পাল বলেন, মফিজের শরীরের ৪০ শতাংশ আগুনে পুড়ে গিয়েছিল।

গত ১১ ডিসেম্বর বিকালে কেরানীগঞ্জের চুনকুটিয়া এলাকায় প্রাইম পেট অ্যান্ড প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় এ নিয়ে মোট ২১ জনের মৃত্যু হল।

ফায়ার সার্ভিসের কর্মীরা সেদিনই কারখানার ধ্বংসস্তূপ থেকে একজনের লাশ উদ্ধার করেন। বাকিরা পরে হাসপাতালে মারা যান।

পার্থ শংকর পাল জানান, কেরানীগঞ্জে দগ্ধ আরও ১১ জন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তাদের মধ্যে আটজন আছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের এইচডিইউতে। আর সিরাজুল (১৯), সোহাগ (২৫) ও ফিরোজকে (৩৯) শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে লাইফ সাপোর্টে রাখা হয়েছে।

একতলা টিনশেড ওই কারখানায় ওয়ান টাইম প্লেট, কাপসহ প্লাস্টিকের বিভিন্ন সামগ্রী তৈরি করা হত। অগ্নিকাণ্ডের ঘটনায় কারখানা মালিক নজরুল ইসলামের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছেন নিহত একজনের ভাই।

কলকারখানা প্রতিষ্ঠান ও পরিদর্শন অধিদপ্তরের উপ-মহাপরিদর্শক (ঢাকা) আহমেদ বেলাল জানিয়েছেন, প্রাইম পেট অ্যান্ড প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ওই কারখানাটি ছিল অবৈধ।

“নব্বই দিনের মধ্যে কারখানার প্রবেশপথের সংখ্যা বাড়ানোর শর্তে তারা ফায়ার সার্ভিসের অনুমতি নিয়েছিল, কিন্তু .মালিকপক্ষ তা করেনি। ওই কারখানায় ঢোকা ও বের হওয়ার একটি মাত্র পথ।”

এ বছর কারখানাটি পরিদর্শনের পর গত ৫ নভেম্বর মালিকের বিরুদ্ধে নোটিস জারি করে মামলাও হয়েছিল বলে জানান তিনি।